দুর্নীতি জনগণের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের চরম অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। গতকাল বৃহস্পতিবার এ কথা স্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ সময় নয়াদিল্লিতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি ভাষণ দিচ্ছিলেন। ভারতের পার্লামেন্টে শিগগির দুর্নীতি দমন বিল আনা হবে বলে মনমোহন অঙ্গীকার করেন। ২০ বছর আগে ভারতের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন। ওই সময় দেশে অর্থনৈতিক সমৃদ্ধির সূচনা করার জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়। দ্বিতীয় মেয়াদে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারের পরপর কয়েকটি বড় ধরনের দুর্নীতির ঘটনা ফাঁস হয়। এতে মনমোহনের আগের সুনাম ক্ষুণ্ন হতে বসেছে। অসৎ কর্মকর্তাদের কারণে জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ। দেশের সর্বত্র দৈনন্দিন জীবনে অবৈধ লেনদেনের ঘটনাও তাদের অসন্তোষের কারণ। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি প্রবীণ সমাজকর্মী আন্না হাজারের অনশন কর্মসূচিতে এর প্রতিফলন ঘটে। সর্বস্তরের মানুষ তাঁকে সমর্থন জানায়।মনমোহন বলেন, জনমনে দিন দিন এমন ধারণা তৈরি হচ্ছে যে, ‘দুর্নীতি মোকাবিলায় আমাদের আইন, আইন প্রয়োগের ব্যবস্থা ও প্রণালি তেমন কার্যকর নয়। জনগণ এখনো যে ধৈর্যের পরিচয় দিচ্ছে, তা আমাদের মেনে নিতেই হবে। তারা চায়, দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক সরকার।’আন্না হাজারের অনশন পালনের মূল লক্ষ্য ছিল, যে প্যানেলটি দুর্নীতি দমন বিলের খসড়া করবে, এতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিশিষ্ট সমাজকর্মীদেরও রাখা। যাতে এমন এক আইন চালু হয়, যার মাধ্যমে মন্ত্রী ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির বিচার করা যাবে। সরকার তাঁর দাবি মেনে নিয়েছে। মনমোহন বলেন, পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে বিলটি উত্থাপন করা হবে। আগামী জুলাই মাসে শুরু হবে এই অধিবেশন। গত বুধবার ভারতের একটি আদালত দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাঁচজন নির্বাহীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। তাঁদের এ দুর্নীতির ফলে সরকার প্রায় চার হাজার কোটি ডলার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই দুর্নীতির অভিযোগে সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা বর্তমানে কারাগারে আটক রয়েছেন। একই অভিযোগে কয়েকজন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীও আটক রয়েছেন।গত অক্টোবরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের আয়োজনেও ব্যাপক দুর্নীতি হয় বলে অভিযোগ রয়েছে। এএফপি।