দিল্লির সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজনৈতিক দুর্নীতি রোধ করতে না পারলে ভারত টিকবে না।
কেজরিওয়াল বলেন, ভারতের সব সমস্যার মূলে এই দুর্নীতি। দুর্নীতির কারণেই গ্রামের লোকজনকে চাকরি পেতে বেগ পেতে হচ্ছে। একই কারণে অনেক কৃষক আত্মহত্যা করছেন।
গতকাল মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কেজরিওয়াল। এএপির প্রধান বলেন, দুর্নীতিবাজ রাজনীতিকেরা পুনঃপুন সাম্প্রদায়িক সংঘাতের বীজ বোনেন। তিনি বলেন, ‘ভারতের প্রথম শ্রেণীর নাগরিকেরা তৃতীয় শ্রেণীর শাসনব্যবস্থার যন্ত্রণা সহ্য করছেন।’ তাঁর মতে, অল্পকিছু ভারতীয় উন্নতি করছেন।
‘দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী দাবি করেন, ফোনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘুষ নেওয়ার বিষয়টি রেকর্ড করতে জনগণকে তাগিদ
দিয়ে তাঁর স্বল্প মেয়াদের সরকার কার্যকরভাবে দুর্নীতি কমিয়েছে।
তবে জাতীয় পর্যায়ে তাঁর উন্নয়ন-ভাবনা একটু অস্পষ্ট। কেজরিওয়াল প্রধানমন্ত্রী হতে চান না। নিজেকে একজন ‘নৈরাজ্যবাদী’ ঘোষণা দিয়ে দেশের ‘প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে নাড়া দেওয়ার’ চেষ্টা করছেন বলে জানান কেজরিওয়াল।
সন্দেহ নেই কেজরিওয়ালের উল্লিখিত মন্তব্য তাঁর সমর্থক ও সমালোচকদের মধ্যে আবার বিতর্ক তুলবে বলে ধরে নেওয়া যায়।
‘ফুটো সোয়েটার পরা রাজনীতিবিদ কেজরিওয়াল’ শিরোনামে বিবিসি সাক্ষাৎকারের শুরুতেই কেজরিওয়ালকে চিত্রিত করেছে এই ভাবে—‘কুঁচকানো সোয়েটারটির মধ্যভাগে একটি ফুটো বেশ ভালোভাবেই লক্ষ করা যাচ্ছে। পায়ে ধুলোবালি মাখা এক জোড়া স্যান্ডেল পরা। তিনি দিল্লির সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।’ বিবিসি।