দুর্নীতি না ঠেকালে বিপদে পড়বে পার্টি: জিনপিং
দুর্নীতিকে প্রশ্রয় দিলে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির নতুন নেতা শি জিনপিং। গতকাল সোমবার চীনের এই ভাবী প্রেসিডেন্টের (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট) বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়। শি জিনপিং বলেন, সম্প্রতি কিছু দেশকে জনরোষ, নাগরিক অসন্তোষ ও সরকার পতনের মতো সমস্যা মোকাবিলা করতে হয়েছে। আর এর সবকিছুর মূলেই বড় প্রভাবক হিসেবে কাজ করেছে দুর্নীতি। তিনি বলেন, ‘বাস্তবতার নিরিখে বলতে হয়, দল ও দেশ উভয়কেই ধ্বংস করে দেয় দুর্নীতি। এ ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে।’ তিনি আরও বলেন, দলের সদস্যরা, বিশেষ করে জ্যেষ্ঠ নেতাদের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। কেউই আইনের ঊর্ধ্বে নয়।কোনো ঘটনা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে চীনের কমিউনিস্ট পার্টির নেতা জানান, পার্টিকে সম্প্রতি শৃঙ্খলাজনিত কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয়েছে। রাজনৈতিকভাবে এর ব্যাপক প্রভাব পড়েছে। জনগণকেও প্রচণ্ড নাড়া দিয়েছে এসব ঘটনা। তিনি আরও জানান, ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মকর্তাদের অবশ্যই শক্তিশালী হতে হবে।সদ্য সমাপ্ত কমিউনিস্ট পার্টির কংগ্রেসে শি জিনপিংকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। ওই কংগ্রেসে ক্ষমতাসীনদের দুর্নীতি নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। রয়টার্স।