চীনকে নৌ-পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির সম্মেলন (কংগ্রেস) উদ্বোধনের পর গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন প্রেসিডেন্ট হু জিনতাও। সমুদ্রসীমা নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে জিনতাওয়ের এ মন্তব্যকে প্রতিবেশী দেশগুলো সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করছে। চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারের গ্রেট হলে অন্তত দুই হাজার ২০০ জন প্রতিনিধির উপস্থিতিতে সপ্তাহব্যাপী সম্মেলন গতকাল শুরু হয়েছে। প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলনের মাধ্যমে দেশটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়ে থাকে। কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মেলনে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত হয়। অর্থনৈতিক অবস্থার পরিবর্তনই বর্তমানে চীনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে উদ্বোধনী ভাষণে জিনতাও বলেন, ‘নৌযুদ্ধে চীনের সামর্থ্য বৃদ্ধি এবং সমুদ্রসীমাসংক্রান্ত স্বার্থ সংরক্ষণ ও অধিকার আদায়ে আমাদের আরও তৎপর হওয়া উচিত। চীনের সামনে অভূতপূর্ব সুযোগ ও প্রতিবন্ধকতা রয়েছে। এ পরিস্থিতিতে আমাদের আরও উচ্চাভিলাষী ও পরিশ্রমী হওয়ার বিকল্প নেই। পরিবর্তনশীল অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে জনগণকে মানিয়ে নিতে হবে। সামাজিক ঐক্য অটুট রেখে জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে।’ জিনতাও বলেন, ‘চীনের উন্নয়ন প্রক্রিয়াকে আরও ভারসাম্যপূর্ণ ও টেকসই করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। তাই যেকোনো মূল্যে দুর্নীতি দমন করতে হবে। অন্যথায় দল ও দেশের জন্য অবধারিত বিপর্যয় নেমে আসবে। আইন অমান্যকারী ব্যক্তি সরকারের যে পদেই থাকুন না কেন, তাঁকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’চীনের প্রেসিডেন্ট তাঁর দলের অস্তিত্বের ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জিনতাও বলেন, দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হলে কমিউনিস্ট পার্টি ‘ভেঙে’ পড়তে পারে। একই সঙ্গে তিনি দেশের অর্থনৈতিক পুনর্জাগরণেরও আহ্বান জানান।কমিউনিস্ট পার্টির বিদায়ী সাধারণ সম্পাদক জিনতাও একজন শীর্ষস্থানীয় ব্রিটিশ ব্যবসায়ী খুন ও দলটির সাবেক প্রভাবশালী নেতা বো শিলাইয়ের কেলেঙ্কারির ধারাবাহিকতায় দেশের সর্বগ্রাসী দুর্নীতি নিয়ে ওই কড়া সতর্কবাণী উচ্চারণ করলেন১৯৪৯ সাল থেকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে দুর্নীতি দমন, অর্থনৈতিক উন্নয়ন ও অধিকতর গণতন্ত্রায়ণের মতো বিভিন্ন বিষয়। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সাম্প্রতিক মাসগুলোতে কিছুটা ধীর হয়ে পড়েছে। এ ছাড়া দেশটিতে সম্পদের বৈষম্য, বিপুল জনসংখ্যা ও মানুষের দীর্ঘায়ু প্রভৃতি বিষয় নিয়ে সরকারের উদ্বেগ রয়েছে। অর্থনৈতিক স্থবিরতা নিরসনে নতুন কৌশল অবলম্বনের মাধ্যমে ২০২০ সালের মধ্যে জিডিপি ও মাথাপিছু আয় ২০১০ সালের দ্বিগুণ করা উচিত বলে মন্তব্য করেন জিনতাও। এ ছাড়া, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বিরুদ্ধে চীনের কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বিচ্ছিন্নতাবদী তৎপরতা কখনোই বরদাশত করা হবে না। তাইওয়ানবাসীর অধিকার ও স্বার্থরক্ষায় চীন বদ্ধপরিকর রয়েছে। জিনতাওয়ের দেড় ঘণ্টার বক্তৃতায় চীনের উন্নয়নে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ব্যবহার, সমাজতন্ত্রের চীনা বৈশিষ্ট্য, তুলনামূলক উদার ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠা, অর্থনীতি, রাজনৈতিক সংস্কার, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, পরিবেশ উন্নয়ন, সামরিক আধুনিকায়ন, পররাষ্ট্রনীতি প্রভৃতি বিষয় ওঠে আসে। কমিউনিস্ট পার্টির সম্মেলন উপলক্ষে বেইজিংয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে সহায়তার জন্য কমপক্ষে ১৪ লাখ স্বেচ্চাসেবী কাজ করছেন। বিভিন্ন স্থানে চলাফেরা, রাস্তাঘাটে পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ঘুড়ি ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, চীনে রাজনৈতিক বন্দী হিসেবে অন্তত ১৩০ ব্যক্তিকে ওই সম্মেলনের প্রাক্কালে বেআইনিভাবে আটক বা গৃহবন্দী করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংকে দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে সপ্তাহব্যাপী এই সম্মেলনের সমাপ্তি টানা হবে। শি জিনপিং দলের সাধারণ সম্পাদকের পদ গ্রহণ করা ছাড়াও আগামী বছরের মার্চে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্ট জিনতাওয়েরও স্থলাভিষিক্ত হবেন। এএফপি, বিবিসি, লস অ্যাঞ্জেলেস টাইমস ও সিনহুয়া।