দুর্নীতি প্রতিরোধে চীনের রেলওয়ে মন্ত্রণালয় বিলুপ্ত
সরকারের দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে চীনের শক্তিশালী রেলওয়ে মন্ত্রণালয় বিলুপ্ত করা হয়েছে। এই মন্ত্রণালয়কে এখন পরিবহন মন্ত্রণালয়ের অধীন নেওয়া হয়েছে। এদিকে বিতর্কিত এক শিশুনীতি তত্ত্বাবধান করা পরিবার পরিকল্পনা কমিশনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে। তবে পরিবার পরিকল্পনা কমিশনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনার পর এক শিশুনীতির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কি না, তা নিশ্চিত নয়।দুর্নীতি আর তহবিল অপচয়ের জন্য রেলওয়ে মন্ত্রণালয় ব্যাপক সমালোচনায় পড়েছিল। ২০১১ সালে দুর্নীতির অভিযোগে সাবেক রেলমন্ত্রী লিউ ঝিজুনকে সরিয়ে দেওয়া হয়। রেল মন্ত্রণালয়ের বিলুপ্তির মধ্য দিয়ে চীনে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে জনগণ ও নেতাদের উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটল।রেলওয়ে বিষয়কনিরাপত্তা ও বিধিবিধানের দেখভাল করবে পরিবহন মন্ত্রণালয়। নির্মাণ ও সেবা ব্যবস্থাপনার বিষয়টি দেখবে নতুন চীনা রেলওয়ে করপোরেশন।স্টেট কাউন্সিলের মহাসচিব মা কাই বলেন, দায়িত্বে অবহেলা, ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি কার্যকরভাবে মোকাবিলা করা হয়নি। তিনি বলেন, দুর্বল তত্ত্বাবধানের কারণে এমনটি সম্ভব হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি এক দশকের নেতৃত্বের পরিবর্তন করতে যাচ্ছে। দলের প্রধান শি জিনপিং প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন লি কেকিয়াং।জানা গেছে, গণমাধ্যম নজরদারি করা দুটি প্রতিষ্ঠান জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব প্রেস অ্যান্ড পাবলিকেশন ও দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব রেডিও, ফিল্ম অ্যান্ড টেলিভিশন একীভূত করা হবে।গত সপ্তাহে ন্যাশনাল পিপলস কংগ্রেসে তুলে ধরা কর্মপ্রতিবেদনে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও স্থিতিশীল প্রবৃদ্ধি, দুর্নীতিবিরোধী প্রচেষ্টা চালানোর এবং অধিকতর ভালো জনকল্যাণমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। কংগ্রেসে সামরিক, ভিক্ষু, সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাসহ তিন হাজার প্রতিনিধি অংশ নেবেন। বিবিসি।