দুর্নীতি মামলায় আদালতে বেরলুসকোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে করা দুর্নীতি মামলার শুনানি উপলক্ষে মিলানের একটি আদালতে হাজির হয়েছেন। আর্থিক প্রতারণা ও বাণিজ্যিক স্বার্থে বিশ্বাস ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়। গত আট বছরে এই প্রথমবার তিনি আদালতে হাজির হলেন। বেরলুসকোনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।বেরলুসকোনির নিজ প্রতিষ্ঠান মিডিয়াট্রেডের বিরুদ্ধে করা মামলায় তাঁকে আদালতে দাঁড় করানো হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে মিলানের আদালতে ওই শুনানি অনুষ্ঠিত হয়। বেরলুসকোনির বিরুদ্ধে কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।এ ব্যাপারে বেরলুসকোনি তাঁর মালিকানাধীন চ্যানেল ফাইভ টিভিকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন। তিনি এমন এক ব্যক্তি, বিশ্বের ইতিহাসে যাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আনা হয়েছে। বেরলুসকোনিকে আদালত ভবনে ঢোকার সময় হাত নাড়তে দেখা যায়। এর আগে ২০০৩ সালে ঘুষ নেওয়ার অভিযোগের এক মামলায় তিনি আদালতে হাজির হয়েছিলেন। আদালত ভবনের বাইরে তাঁর প্রায় ১০০ সমর্থক এই বিচারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তাঁর সমর্থক এদোয়ারদো কলোম্বো বলেন, কেউ প্রমাণ করতে পারবেন না, বেরলুসকোনি অনৈতিক কাজ করেছেন। এএফপি।