ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দুর্নীতির কারণে বিশ্বে ভারতের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশে নিজেদের মর্যাদাহানি ঘটছে।গতকাল শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মনমোহন বলেন, ‘দুর্নীতি সুশাসনের মূলে আঘাত হেনেছে।’একের পর এক বড় বড় দুর্নীতির কেলেঙ্কারিতে ভয়ানক অস্বস্তিতে পড়েছে মনমোহন সরকার। চলতি সপ্তাহে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক টেলিকমমন্ত্রী এ রাজাকে। মুঠোফোন লাইসেন্স দেওয়া নিয়ে তিনি প্রায় চার হাজার কোটি ডলারের দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন। দুর্নীতি সামনে রেখে কঠোর ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে মোকাবিলা করতে হবে উল্লেখ করে মনমোহন বলেন, ‘দুর্নীতির কারণে আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং নিজেদের দেশের মানুষের কাছে আমরা হেয় হচ্ছি।’টেলিকম দুর্নীতি, মুম্বাই আদর্শ সোসাইটি দুর্নীতি ও কমনওয়েলথ গেমস তহবিল দুর্নীতিসহ একের পর এক দুর্নীতির কলঙ্ক ম্লান করে দিচ্ছে মনমোহন সরকারের সাফল্য। এসব ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতারা।ভারতের রাজনীতিতে ব্যক্তি মনমোহনের ভাবমূর্তি খুব উজ্জ্বল। তিনি সবার কাছে পরিচিত সজ্জন হিসেবে। কিন্তু সরকারের মন্ত্রীদের দুর্নীতিতে তিনি বড় বেকায়দায় পড়ছেন। এখন অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধেও। বলা হচ্ছে, তিনি দুর্নীতির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সময়মতো যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনিক রীতিনীতি ও ব্যবস্থা পুনর্গঠন করা প্রয়োজন বলে জানিয়েছেন মনমোহন সিং। তিনি বলেন, ‘প্রশাসনিক ব্যবস্থার প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার দুর্নীতির সুযোগ কমাতে সহযোগিতা করতে পারে।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই যদি এক হয়ে কাজ করি, তাহলে শাসনব্যবস্থায় বড় ধরনের উন্নতি হবে—এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’দুর্নীতির অভিযোগ তদন্ত ও করণীয় নির্ধারণ করতে সম্প্রতি অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠনের কথা উল্লেখ করে মনমোহন সিং জানান, বিচার বিভাগীয় দায়বদ্ধতা ও দুর্নীতির বিরুদ্ধে যাঁরা সতর্ক করবেন, তাঁদের নিরাপত্তায় সংসদে দুটি প্রস্তাব আনা হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে ওই বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন। তিনি জানান, উচ্চ মূল্যস্ফীতি বিশেষ করে খাবারের দাম বেড়ে যাওয়ায় দেশের দ্রুত বর্ধমান অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে ভারতের সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৩ পয়েন্টে গিয়ে ঠেকেছে। মনমোহন সিং বলেন, ‘প্রবৃদ্ধি অর্জন ঠিক রাখার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি। এএফপি, বিবিসি।