দুর্নীতি হলে ইতালির সঙ্গে চুক্তি বাতিল করবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, ইতালির মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ফিনমেককানিকার কাছ থেকে হেলিকপ্টার ক্রয়ে কোনোরকম দুর্নীতির প্রমাণ মিললে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করা হবে।প্রতিরক্ষামন্ত্রী গতকাল বুধবার বলেন, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ঘুষ প্রদানের প্রমাণ মিলবে, কালো তালিকাভুক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ভারত সরকার। কর্মকর্তারা জানান, ইতালির মিলানে মঙ্গলবার ফিনমেককানিকার প্রধান জুজেপ্পে অরসিকে গ্রেপ্তার করে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পাদিত ৭৫ কোটি ২০ লাখ ডলারের ১২টি হেলিকপ্টার ক্রয়ের চুক্তি সরকারের তরফে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। জুজেপ্পে অরসি কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেওয়ার কথা অস্বীকার করেছেন। ইতালি কর্তৃপক্ষ কয়েক মাস ধরে তাঁর বিরুদ্ধে ঘুষ প্রদান ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চালাচ্ছে। এ কে অ্যান্টনি সাংবাদিকদের বলেন, তাঁর সরকার এ রকম অভিযোগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচয় বা সেটি কত প্রভাবশালী তা আমলে নেবে না। তিনি বলেন, ‘দুর্নীতি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি কোনো প্রতিষ্ঠান শর্ত লঙ্ঘন করে, তবে সেটি শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হওয়ার যোগ্য হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করব। প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে আমরা দুর্নীতি মেনে নিতে পারি না।’ ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইয়ের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর যত শিগগির সম্ভব ওই চুক্তির বিষয়ে ‘শক্ত ব্যবস্থা’ নেওয়া হবে বলেও জানান তিনি।এদিকে ভারতের সাবেক বিমানবাহিনীর প্রধান এস পি তায়েগি ওই চুক্তি করতে তিনি নিজে কিংবা তাঁর কোনো আত্মীয় ঘুষ নিয়েছেন—এমন অভিযোগ নাকচ করে দেন। ইতিমধ্যে ইতালির তদন্তকারীরা সে দেশের আদালতে দাখিল করা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এস পি তায়েগির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন।ইতালি সরকার সুইজারল্যান্ডে বসবাসরত আরও দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া ফিনমেককানিকার অগস্তা ওয়েস্টল্যান্ড ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রধান ব্রুনো স্প্যাগনোলিনিকে গৃহবন্দী করে রাখা হয়েছে।ভারতীয় বিমানবাহিনীর এলিট স্কোয়াড্রনের জন্য ১২টি এ ডব্লিউ-১০১ হেলিকপ্টার কিনতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে দেশটির কেন্দ্রীয় সরকার ইতালির ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। এ স্কোয়াড্রন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবহন করার দায়িত্বে নিয়োজিত। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১২টি হেলিকপ্টারের তিনটি এরই মধ্যে ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো ২০১৪ সালের মাঝামাঝি ভারতে এসে পৌঁছার আশা করা হচ্ছে। কংগ্রেস পার্টি সম্প্রতি দুর্নীতির বিভিন্ন ইস্যুতে টালমাটাল। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে ক্রমাগত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবি করা হচ্ছে। আর ইতালিতে ওই চুক্তিকে করপোরেট কেলেঙ্কারির সর্বশেষ সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। দেশটির সরকার ফিনমেককানিকার ৩০ শতাংশ শেয়ারের মালিক। বিবিসি।