দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আফগানিস্তান-ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত দুই দেশ ইরাক ও আফগানিস্তান থেকে দুর্নীতি দূর করার চেষ্টা চালানো সত্ত্বেও কাজ হয়নি। বরং দুর্নীতি ক্রমেই জেঁকে বসেছে দেশ দুটির সর্বস্তরে। পরিণামে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে আফগানিস্তান। চতুর্থ স্থানে রয়েছে ইরাক। গতকাল মঙ্গলবার প্রকাশিত বার্লিন-ভিত্তিক বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক জরিপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি ১৭৮টি দেশের ওপর এই জরিপ চালায়। এতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশকে শূন্য ও সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশকে ১০ নম্বর দেওয়া হয়। জরিপে দেখা গেছে, তিন-চতুর্থাংশ দেশেই চরম দুর্নীতি ছেয়ে গেছে। জরিপ অনুযায়ী বিশ্বে এখন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে আফ্রিকার দেশ সোমালিয়া। ১ দশমিক ১ নম্বর পেয়েছে তারা। সে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তালিকায় আফগানিস্তানের সঙ্গে মিয়ানমারও দ্বিতীয় স্থানে রয়েছে। দুর্নীতির দিক দিয়ে পাকিস্তানের আরও অবনতি হয়েছে। ৪২তম স্থান থেকে তারা ৩৪তম স্থানে উঠে এসেছে। এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হুগুয়েট লাবেল বলেন, জরিপের ফলাফল দুর্নীতিবিষয়ক গুরুতর সমস্যার ব্যাপারে আভাস দিচ্ছে। তিনি বলেন, এভাবে দুর্নীতি চলতে থাকার বিষয়টি মেনে নেওয়া যায় না। দুর্নীতির পরিণামে বিশ্বের অনেক দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষ অবিরাম দুর্ভোগ পোহাচ্ছে। দুর্নীতি ও অবৈধ টাকা লুকিয়ে রাখার কোনো স্থান থাকা উচিত নয়। ট্রান্সপারেন্সির জার্মান শাখার প্রধান এডা মুয়েলার বলেন, দুর্নীতির ব্যাপারে যে আন্তর্জাতিক চিত্র ফুটে উঠেছে, তা খুব উদ্বেগজনক। তিনি বলেন, গড় দুর্নীতির নিচে থাকা দেশগুলোর যে হার পাওয়া গেছে, বৈশ্বিক সমস্যা সমাধানের উদ্যোগের ক্ষেত্রে তা অশুভ ইঙ্গিত দিচ্ছে। মুয়েলার বলেন, যে দেশ যত অস্থিতিশীল, সে দেশে দুর্নীতিও তত বেশি। এটি খুব পরিষ্কার। সমস্যা সমাধানে তিনি তথাকথিত ‘ব্যর্থ রাষ্ট্রগুলোতে’ যথাস্থানে বিশ্বাসযোগ্য শাসনকাঠামো দাঁড় করানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে ডেনমার্ক, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর। জরিপে এসব দেশ ৯ দশমিক ৩ নম্বর পেয়েছে। এর পর রয়েছে ফিনল্যান্ড, কানাডা, সুইডেন ও নেদারল্যান্ড। দুর্নীতি দূর করার প্রচেষ্টায় কয়েকটি দেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে চিলি, ইকুয়েডর, মেসিডোনিয়া, কুয়েত ও কাতারের। মুয়েলার বলেন, দুর্নীতি তাড়াতে উল্লিখিত দেশগুলোর এই উন্নতি ইরাক ও আফগানিস্তানের জন্য আশা ও অনুপ্রেরণা হওয়া উচিত।প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, চেকপ্রজাতন্ত্র, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, মাদাগাস্কার ও নাইজারের সমালোচনা করা হয়েছে। তালিকায় ২২তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গ্রিস ও চীন রয়েছে ৭৮তম স্থানে। ৬৭তম স্থানে রয়েছে ইতালি। এএফপি।