দুর্নীতিতে মেয়র পদ হারালেন লুৎফুর

পূর্ব লন্ডনের বাঙালি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদ হারালেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। নির্বাচনে ধর্মের ব্যবহার, বর্ণবাদের আশ্রয় গ্রহণ ও আর্থিক অনুদান দিয়ে ভোটারদের প্রভাবিত করার দায়ে এ নির্বাচন বাতিল ঘোষণা করেছেন আদালত।
লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিসের বিচারক রিচার্ড মৌরি গতকাল বৃহস্পতিবার ওই রায় দেন। একই সঙ্গে খালি হওয়া পদের পুনর্নির্বাচনেও লুৎফুরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
গত বছরের মে মাসে লুৎফুর রহমান দ্বিতীয় মেয়াদে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদে বিজয়ী হয়েছিলেন। ওই নির্বাচন বাতিলের দাবিতে পিটিশন দাখিলের মাত্র ছয় মাসের মাথায় পদ হারালেন তিনি। যুক্তরাজ্যের প্রথম কোনো মুসলিম ও অশ্বেতাঙ্গ কাউন্সিল মেয়র ছিলেন লুৎফুর। নির্বাচন বাতিল হওয়ায় তাঁর পদটি শূন্য হয়ে গেছে। ডেপুটি মেয়র অলিউর রহমান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
বিচারক তাঁর রায়ে বলেন, ‘লুৎফুর রহমান ইসলাম বিদ্বেষের দোহাই দিয়ে তাঁর সমালোচকদের মুখ বন্ধ রেখে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ গড়েছেন। রায়ে প্রকৃতপক্ষে হেরেছেন টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা বিশেষত বাংলাদেশি সম্প্রদায়, যাঁদের ভুলপথে পরিচালিত করে ভুক্তভোগী করা হলো।’ দেশের ভবিষ্যৎ নির্বাচনে অর্থ, বর্ণবাদ ও বিশেষত ধর্মের প্রভাব বন্ধে আইন পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন বিচারক।
লুৎফুরের আচরণের বিষয়টি যুক্তরাজ্যের সলিসিটর্স রেগুলেটরি অথরিটিকে (এসআরএ) জানানোর আদেশ দিয়েছেন আদালত। একই অভিযোগে কাউন্সিলের ফাইন্যান্সবিষয়ক কেবিনেট মেম্বার ও লুৎফুর রহমানের অন্যতম সহযোগী কাউন্সিলর আলিবর চৌধুরীকেও তাঁর পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশের সিলেটের বালাগঞ্জের সিকান্দরপুরে জন্মগ্রহণকারী লুৎফুর রহমান যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিক ছিলেন। ২০১০ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনের মনোনয়ন নিয়ে বিরোধের জের ধরে তিনি লেবার পার্টি থেকে বহিষ্কৃত হন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি লেবার পার্টির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
এরপর ২০১৪ সালে তিনি নিজের প্রতিষ্ঠিত টাওয়ার হ্যামলেটস ফার্স্ট দলের ব্যানারে নির্বাচন করে আবার বিজয়ী হন। এই নির্বাচনে টাওয়ার হ্যামলেটস ফার্স্ট দলের প্রচার-প্রচারণা নিয়ে নানা বিতর্ক ওঠে। শেষ পর্যন্ত নির্বাচনে ধর্মের ব্যবহার, বর্ণবাদ, পোস্টাল ভোটে জালিয়াতি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং আর্থিক প্রভাবের অভিযোগ এনে নির্বাচন বাতিল চেয়ে আদালতে পিটিশন দাখিল করেন চার বাসিন্দা।
গত ২ ফেব্রুয়ারি এই পিটিশনের শুনানি শুরু হয়। উভয় পক্ষের অর্ধশতাধিক সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরীক্ষা করা হয় পোস্টাল ব্যালটগুলো। এতে উল্লেখযোগ্য ব্যালটে অসংগতি ধরা পড়ে।
বিচারক আরও বলেন, টাওয়ার হ্যামলেটসে মুসলিম এবং অশ্বেতাঙ্গরা সংখ্যালঘু নয়। এ এলাকায় বর্ণবাদী দল ইংলিশ ডিফেন্স লিগের অস্তিত্ব নেই। তাই লুৎফুর রহমান বর্ণবাদের শিকার হয়েছেন এমন দাবি অবাস্তব। তিনি বাংলাদেশি কমিউনিটিকে আর্থিক অনুদানে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ভোট আদায়ে প্রভাব বিস্তার করেছেন। ভোটে তিনি ধর্মের প্রভাব খাটিয়েছেন এমনটি প্রমাণিত হয়েছে।
ওদিকে মামলায় হেরে যাওয়ার ফলে লুৎফুর রহমানকে বাংলাদেশি অর্থে প্রায় তিন কোটি টাকা আইনি খরচ গুনতে হবে। এ অর্থ পাবেন পিটিশন দায়েরকারী পক্ষের আইনজীবী।