গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে গতকাল রোববার নয়াদিল্লির যন্তর মন্তরে দিনব্যাপী প্রতীকী অনশন করেছেন। তবে এবার শক্তিশালী লোকপাল বিলের দাবিতে নয়, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের রক্ষায় ‘বোবা ও বধির’ সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি এই অনশন কর্মসূচি পালন করেন। দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মীদের নিরাপত্তায় আইন করারও দাবি তুলেছেন তিনি। দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল বিলের দাবিতে এখনো অনড় আন্না। বিলটি লোকসভায় পাস হলেও রাজ্যসভায় এখনো পাস হয়নি। আসন্ন বাজেট অধিবেশনে তা রাজ্যসভায় আবার উত্থাপন করার কথা রয়েছে।আন্না গতকাল বেলা ১১টার দিকে যন্তর মন্তরে যান। এ সময় তাঁর সমর্থকদের ‘বন্দে মাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে ওই এলাকা মুখরিত হয়ে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই অনশনে বসেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মধ্যপ্রদেশের পুলিশ কর্মকর্তা নরেন্দ্র কুমার হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে এবং দুর্নীতিবিরোধী ব্যক্তিদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবিতে অনশন করেন আন্না। অনশনে নরেন্দ্র কুমারের পরিবারের সদস্যসহ হত্যাকাণ্ডের শিকার কয়েকজন ব্যক্তির পরিবারের সদস্যরা অনশনে অংশ নেন।অনশন শুরুর আগে আন্না বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে অনেককেই জীবন দিতে হয়েছে। এমন অন্তত ২৫ জন মানুষকে খুন করা হয়েছে। কিন্তু সরকার এসব ঘটনার কোনো তদন্ত করছে না। কোনো কোনো ক্ষেত্রে এসব ঘটনার তিন বছর পর্যন্ত পেরিয়ে গেছে।আন্না বলেন, জীবন উৎসর্গকারী ওই ব্যক্তিদের বাবা, মা, সন্তান, স্ত্রী ন্যায়বিচারের জন্য কাঁদছেন। কিন্তু সরকার ‘বোবা ও বধির’-এর মতো আচরণ করছে। এই কান্না যেন সরকারের কানে ঢুকছে না। গান্ধীবাদী এই নেতা বলেন, ‘আমাদের অনেক কাজ করতে হবে। তারপর সরকার আমাদের ন্যায়বিচারের দাবির কথা শুনবে।’ টিম আন্নার এক সদস্য জানান, খুনের শিকার কয়েকজনের পরিবারকে এই অনশনে যোগ দিতে আন্নার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অনেকেই এতে যোগ দেন।টিম আন্নার তথ্যমতে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করায় ২০১০ সালে অন্তত ১৫ জনকে খুন করা হয়েছে।৭৪ বছর বয়সী আন্না এক বছরে এ নিয়ে মোট পাঁচবার অনশন করলেন। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি অনলাইন।