দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাবা-মা গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধ ছাড়া আর কিছু চাননি। আমারও ব্রত তাই। এই আলোক বর্তিকা আমি সামনের দিকে নিয়ে যাব।’ গতকাল বুধবার ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো। একই সঙ্গে দারিদ্র্যের সঙ্গে লড়ার ও দুর্নীতিমুক্ত দেশ গড়ারও অঙ্গীকার করেন তিনি। ম্যানিলার সাগর তীরবর্তী পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আনন্দঘন পরিবেশে প্রায় পাঁচ লাখ জনতার উপস্থিতিতে ৫০ বছর বয়সী নেতা অ্যাকুইনো শপথ নেন। সুপ্রিম কোর্টের একজন বিচারক তাঁকে শপথ বাক্য পাঠ করান। গত ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। পুলিশ জানায়, হাজার হাজার সমর্থকের ভিড়ে বেনিগনো অ্যাকুইনোর শপথ অনুষ্ঠান উৎসবে রূপ নেয়। তাঁদের সামনে ফিলিপাইনের ঐতিহ্যবাহী পোশাক ‘ব্যারং’ শার্ট পরে শপথ নেন। এ সময় ভক্ত ও সমর্থকেরা হলুদ পতাকা নেড়ে বিপুল হর্ষধ্বনির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।অনুষ্ঠানে অ্যাকুইনো তাঁর বাবা প্রয়াত নেতা বেনিগনো ‘নিনয়’ অ্যাকুইনো ও মা সাবেক প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোর অবদানের কথা স্মরণ করেন। ১৯৮৬ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফিলিপাইনের তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের পতন ঘটে। এরপর তাঁর মা কোরাজন ক্ষমতায় আসেন। ছয় বছর মেয়াদি শাসনামলে তিনি তাঁর ভালো কাজের জন্য সুনাম কুড়ান। সে কথা উল্লেখ করে বেনিগনো অ্যাকুইনো বলেন, তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করবেন। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে দীর্ঘ দিন ধরে চলতে থাকা বিচ্ছিন্নতাবাদী মুসলিম জঙ্গিদের সহিংসতা অবসানেরও চেষ্টা চালাবেন। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া বিদ্যালয় শিক্ষক তারলিতো মালায়া বলেন, তিনি (অ্যাকুইনো) দুর্নীতি কমাতে ও শাসন ব্যবস্থার উন্নতি ঘটাতে পারবেন। এএফপি, রয়টার্স।