দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও বেশির ভাগ প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির আশ্রয় নিয়েছেন। দুর্নীতি যেন তাঁদের ব্র্যান্ড। এতে লজ্জা হবে কি, বরং তা যেন গর্ব করার বিষয়। তবে সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম করুণানিধির মেয়ে কানিমোঝির বিরুদ্ধে দুর্নীতির মামলা এবং কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান কংগ্রেসের নেতা সুরেশ কালমাদির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নিয়ে সাধারণ মানুষের টনক নড়েছে। এসব ঘটনা ভারতের জনজীবনে দুর্নীতি নিয়ে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।সর্বোচ্চ আদালত এই মামলার তদন্তকাজের দায়িত্ব নেওয়ায় অনেক রাঘববোয়াল ফেঁসে যেতে বসেছেন। আদালতের কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত এক নতুন ভারতের স্বপ্ন দেখতে শুরু করেছে।কানিমোঝির বিরুদ্ধে দুর্নীতির মামলার ব্যাপারে অভিযোগপত্র নিয়ে করুণানিধির দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘামের (ডিএমকে) নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও কালমাদির ব্যাপারে ক্ষমতাসীন কংগ্রেসের অবস্থান বিপরীত। কালমাদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে দূরত্ব সৃষ্টি করেছেন তাঁরা।দুর্নীতিবিরোধী কর্মীরা কংগ্রেসের এই মনোভাবকে নিকষ আঁধারে ঢাকা একটি দীর্ঘ সুড়ঙ্গপথের শেষে আলোকসংকেত হিসেবে দেখছেন। বিচার বিভাগ এবং ভারতের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া দুর্নীতি ও দুর্নীতিবাজ রাজনীতিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। চলতি মাসের শুরুতে প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত বিচারকদের রক্ষা না করতে রাজনীতিকদের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে তিনি আইনজীবী, চলমান মামলার আসামি ও রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না রাখতে বিচারকদের প্রতি আহ্বান জানান। আত্মসংযমী এই বিচারপতি বলেন, ‘একজন বিচারককে অবশ্যই সাধারণ মানুষ থেকে কিছুটা হলেও আলাদা হতে হবে। তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে।’ কাপাডিয়া নিজে সামাজিক আচার-অনুষ্ঠান এড়িয়ে চলেন। আইনজীবী ও রাজনীতিকদের মতো প্রভাবশালী ব্যক্তিরা গলফ ক্লাবে নিয়মিত যাতায়াত করেন বলে তিনি কোনো গলফ ক্লাবের সদস্য হননি।বিচার বিভাগের শক্ত অবস্থানের ফল হিসেবেই দুর্নীতিবাজ রাজনীতিকদের বিরুদ্ধে, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের (টুজি) টেলিকম কেলেঙ্কারির বিষয়ে কানিমোঝির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। টুজি কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্ট নিজেই তদন্তের ভার নিয়েছেন। এই মামলা কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের গ্রহণযোগ্যতাকে দারুণভাবে নাড়া দিয়েছে। অভিযোগ পাওয়ার পর সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা ব্যাখ্যা করতে স্বয়ং প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াতে হয়েছে। সদ্য বরখাস্ত হওয়া টেলিকমমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হবে কি না, তা ঠিক করতেই এক বছর কাটিয়ে দেওয়ায় আদালত প্রধানমন্ত্রীকে তিরস্কারও করেন।সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে মামলা তদন্তের এবং এক মাস পর পর তদন্তকাজের অগ্রগতি সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছেন। আদালত সিবিআইকে মামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তালিকাও পেশ করতে বলেছেন। গত ডিসেম্বরে দুজন বিচারকের একটি বেঞ্চ বলেছেন, দোষী ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে।বরখাস্ত হওয়া টেলিকমমন্ত্রী এ রাজাকে টুজি মামলায় এর মধ্যে তিহার জেলে পাঠানো হয়েছে। একই মামলায় একই জেলে বন্দী হয়েছেন পাঁচ ‘টেলিকম খেলোয়াড়’।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জড়িত আমলারাও রেহাই পাবেন না। মনে হচ্ছে, দুর্নীতিমুক্ত নতুন ভারতে এক নতুন যুগের সূচনা ঘটতে যাচ্ছে, যেখানে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও দুর্নীতি করে পার পাবেন না। তাঁকেও আইনের আওতায় আসতে হবে।