দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করব: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর বিরুদ্ধে ওঠা নতুন দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তাঁর বিরুদ্ধে লেশমাত্র দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন।গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে চলমান দুর্নীতিবিরোধী আন্দোলন টিম আন্নার অভিযোগের ব্যাপারে ক্ষুব্ধ হয়ে মনমোহন এ কথা বলেন। টিম আন্না দুর্নীতির একটি তালিকা করেছেন। এতে প্রধানমন্ত্রীসহ ১৫ জন মন্ত্রীর নাম তালিকাভুক্ত করা হয়েছে।মিয়ানমার সফর শেষে গত মঙ্গলবার রাতে রাজধানী নয়াদিল্লি ফিরে মনমোহন সাংবাদিকদের বলেন, ‘যদি অভিযোগের লেশমাত্র সত্যতা পাওয়া যায়, তাহলে আমি পদত্যাগ করব এবং রাষ্ট্র আমাকে যেকোনো শাস্তি দিতে পারে।’মনমোহন সিং ২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন। দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের অস্থির রাজনীতির মধ্যে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি ছিল। কিন্তু গত কয়েক বছরে বেশ কিছু দুর্নীতির কেলেঙ্কারির কারণে তাঁর প্রশাসনের ভাবমূর্তি দারুণ ক্ষুণ্ন হয়েছে।দুর্নীতির অপরাধে অভিযুক্ত হওয়ার জন্য নিজ হাতে ঘুষ নেওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে টিম আন্নার অন্যতম সদস্য প্রশান্ত ভূষণ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে ঘুষ নিয়েছেন—এমনটা আমরা বিশ্বাস করি না। আমাদের কাছে এটা পরিষ্কার যে তিনি দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভাকে মেনে নিয়েছেন এবং মন্ত্রিদের সরকারি অর্থভাণ্ডার লুট করার অনুমতিও দিয়েছেন।’নতুন দুর্নীতির অভিযোগে টিম আন্নার সমর্থকেরা কয়লার খনি বণ্টনে অনিয়মের বিষয়টি তুলে ধরেন। এতে বলা হয়, সরকার নিলাম না করেই কয়লার খনি বণ্টন করেছে।এনডিটিভি জানায়, এক সপ্তাহ ধরেই প্রশান্ত ভূষণ ও অরবিন্দ কেজরিওয়ালসহ আন্নার অন্য সমর্থকেরা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও অন্য ১৩ জন মন্ত্রীর বিরুদ্ধে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে কয়লার খনি বণ্টনে দুর্নীতির অভিযোগ আনেন। মঙ্গলবার প্রথমবারের মতো তাঁরা মনমোহনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। এতে মনমোহন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে দায়িত্বহীন ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। এএফপি।