দুর্নীতির অভিযোগে ১৪ কেন্দ্রীয় মন্ত্রীকে নোটিশ দেবে টিম আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারের সমর্থক দল ‘টিম আন্না’ ভারতের ১৪ জন কেন্দ্রীয় মন্ত্রীকে নোটিশ দেবে। দুর্নীতির অভিযোগে তাঁদের ওই নোটিশ দেওয়া হবে। টিম আন্না শুধু নোটিশ দেওয়াই নয়, বরং ওই মন্ত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতেও আন্দোলন শুরু করবে। তবে, এর আগে তারা নোটিশের মাধ্যমে তাঁদের মতামত জেনে নেবে। প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারের দল ভারতজুড়ে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। রোববার উত্তর প্রদেশের নয়ডায় টিম আন্নার কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন আন্নার ঘনিষ্ঠজন আইনজীবী প্রশান্তভূষণ এক বিবৃতিতে বলেন, ‘আমরা যে ১৪ জন মন্ত্রীকে নোটিশ পাঠাব, তাঁদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। আপাতত আমরা তাঁদের বক্তব্য শোনার অপেক্ষা করব। এরপর সংবাদ সম্মেলন ডেকে ওই মন্ত্রীদের দুর্নীতির কথা তুলে ধরব।’ এদিকে টিম আন্নার দুর্নীতিবিরোধী আন্দোলনের এই নতুন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।