দুর্নীতির খেসারত হিসেবে দল জনসমর্থন হারাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সে দেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সদস্যদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্নীতির খেসারত হিসেবে দলকে জনগণের আস্থা ও সমর্থন হারাতে হতে পারে। গতকাল শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজধানী বেইজিংয়ে অবস্থিত পার্লামেন্ট ভবন ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ আয়োজিত অনুষ্ঠানে হু জিনতাও দেড় ঘণ্টা ভাষণ দেন। দলের কয়েক হাজার নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তাঁর ভাষণ জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভাষণে চীনা প্রেসিডেন্ট সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট পার্টি ১৯৪৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত দলের অর্জনের বিষয়ে প্রশংসা করেন। তবে তিনি সতর্ক করে বলেন, দলের কিছু নেতার দুর্নীতির কারণে সরকারের অর্জন ও ভাবমূর্তি হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ‘জনগণের সমর্থন জয় করা বা হারানো এবং দলের বেঁচে থাকা বা মরে যাওয়া’ সরকারের দুর্নীতিবিরোধী লড়াইয়ের সফলতা-ব্যর্থতার ওপর নির্ভর করছে। তিনি বলেন, এ লড়াইয়ে ব্যর্থ হলে দুর্নীতির খেসারত হিসেবে জনগণের আস্থা ও সমর্থন হারাতে হতে পারে। প্রেসিডেন্ট জিনতাও বলেন, ‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির নিরিখে বর্তমান জাতীয় ও দলীয় অবস্থা বিবেচনা করে সবাইকে অবশ্যই বুঝতে হবে, আমরা দুর্নীতি ও ঝুঁকি মোকাবিলার জন্য নেতৃত্ব ও শাসনব্যবস্থার উন্নয়ন করতে যে প্রচেষ্টা চালাচ্ছি, তার সামনে বহু সমস্যা ও চ্যালেঞ্জ এসে দাঁড়াচ্ছে।’ তিনি বলেন, দুর্নীতি নামক ক্রমবর্ধমান এই ‘যন্ত্রণা’র বিরুদ্ধে পুরো দল সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দলের কিছু সদস্য দলীয় শৃঙ্খলা থেকে সরে শুধু ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে দুর্নীতি করছে। তিনি সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে আরও বেশি মেধাভিত্তিক জনসম্পদ নিয়োগের আহ্বান জানান। বিশ্লেষকেরা বলেছেন, হু জিনতাওয়ের ভাষণে ভিন্নমতাবলম্বীদের প্রতি সহনশীলতা দেখানো বা রাজনৈতিক উদারপন্থা অবলম্বনের কোনো আভাস ছিল না। তাঁর ভাষণে দলের কট্টর রক্ষণশীল মনোভাবেরই প্রকাশ ঘটেছে। সম্প্রতি বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কারণে চীনের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।মাও সে-তুংয়ের সমালোচনা: চীনের কমিউনিস্ট পার্টির উত্থান ও ক্রমবিকাশের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে হু জিনতাও বলেন, মাও গণচীনের স্থপতি হতে পারেন, কিন্তু আধুনিক চীনের উন্নত অর্থনৈতিক অবস্থানের নেপথ্যে তাঁর কোনো ভূমিকা নেই। তিনি বলেন, মাও যেসব অর্থনৈতিক নীতি গ্রহণ করেছিলেন, তা ভুল ছিল। এদিকে, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল (সদস্য সংখ্যা আট কোটি) চীনের কমিউনিস্ট পার্টির ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সরকারি ও বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে উৎসব অনুষ্ঠান, টেলিভিশনে উদযাপনমূলক অনুষ্ঠান প্রচার, দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীন সরকার বেইজিং ও সাংহাইয়ের মধ্যে দ্রুতগতির রেল যোগাযোগ স্থাপনসহ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ক্রস-সি ব্রিজের উদ্বোধন করেছে। এএফপি, বিবিসি, রয়টার্স।এক নজরে চীনা কমিউনিস্ট পার্টি১৯২১: প্রলেতারিয়েত বিপ্লবের আদর্শ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু।১৯৩৪-৩৫: জাতীয়তাবাদী শাসকগোষ্ঠীর আক্রমণ থেকে বাঁচতে চীনের দক্ষিণাঞ্চল থেকে গেরিলাঘাঁটি উত্তরাঞ্চলে স্থানান্তর।১৯৪৯: রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ।১৯৬৬-৭৬: মাও সে-তুংয়ের ‘সাংস্কৃতিক বিপ্লব’ শুরু। চীনে দুর্ভিক্ষ ও মহা বিশৃঙ্খলার সৃষ্টি।১৯৭৮: ১৯৭৬ সালে মাওয়ের মৃত্যুর পর দেং জিয়াওপিংয়ের দায়িত্ব গ্রহণ। মাওয়ের অর্থবিষয়ক নীতি বাদ দিয়ে শিল্পায়নভিত্তিক অর্থনীতি গ্রহণ।২০০১: এ বছর দলের চেয়ারম্যান জিয়াং জেমিন উদীয়মান ব্যবসায়ী গোষ্ঠীকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি অনুমোদন করেন।২০০২: দলের নতুন চেয়ারম্যান হিসেবে হু জিনতাওয়ের দায়িত্ব গ্রহণ।২০০৯: এ বছর দলের ক্ষমতা গ্রহণের ৬০ বছর পূর্তি উৎসব হয়।