দুর্নীতির ঘটনায় অস্বস্তিতে ভারতের কেন্দ্রীয় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে একের পর এক দুর্নীতির ঘটনা ফাঁস হয়ে পড়ায় এখন নিদারুণ অস্বস্তিতে পড়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন শাসক জোট ইউপিএ। এরই মধ্যে কমনওয়েলথ গেমস, আইপিএল, মহারাষ্ট্রের আদর্শ আবাসন প্রকল্প ও টু-জি স্পেকট্রাম কেলেংকারিতে জেরবার ভারতের কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে গত বুধবার ঋণ দিতে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় আট কর্মকর্তাকে।অন্যদিকে বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় ও বিজেপির উত্থানে আরও শঙ্কিত হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও দলীয় কোন্দলের জেরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রোসাইয়ার ইস্তফা ভারতের রাজনীতিতে কংগ্রেসবিরোধী প্রভাব ফেলেছে। এ নিয়ে প্রচণ্ড শঙ্কিত কেন্দ্রীয় সরকার।আইপিএল কেলেংকারির জেরে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর, আদর্শ আবাসন প্রকল্পে দুর্নীতির জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চৌহান ও কমনওয়েলথ গেমসে দুর্নীতির ঘটনায় সুরেশ কালমাদিকে কংগ্রেসের সংসদীয় দলের সচিবের পদ থেকে অপসারণ এবং সর্বশেষ টু-জি স্পেকট্রাম কেলেংকারির অভিযোগে টেলিকমমন্ত্রী এ রাজা পদত্যাগ করলেও রাজনৈতিক উত্তাপ এখনো কমেনি। চলছে এই দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন। সংসদ অধিবেশন বর্জন করে চলেছেন তাঁরা।১০ দিন ধরে চলছে সংসদ অধিবেশন বর্জনের আন্দোলন। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের উভয় সংসদের অধিবেশন শুরু হলে বিরোধীদের টু-জি স্পেকট্রাম দুর্নীতির তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সংসদ উত্তাল হয়ে ওঠে। এরপর লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান আজ শুক্রবার সকাল পর্যন্ত মুলতবি করেন উভয় সংসদের অধিবেশন।এদিকে গতকাল অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানিয়ে দেন টু-জি স্পেকট্রাম কেলেংকারি তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে না। যদিও বুধবার স্পেকট্রাম কেলেংকারির ব্যাপারে তদন্তের জন্য বিভিন্ন তদন্তকারী সংস্থা নিয়ে একটি যৌথ প্যানেল গঠন করেছে সরকার।এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ দিতে ব্যাপক দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই গ্রেপ্তার করেছে শীর্ষস্থানীয় আট কর্মকর্তাকে। গত আড়াই দিনে এ দুর্নীতির তদন্তে সিবিআই মুম্বাই, দিল্লি, চেন্নাই, জয়পুর ও কলকাতায় ব্যাপক তল্লাশি চালিয়ে প্রচুর কাগজপত্র উদ্ধার করেছে।