দুর্নীতির ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত বো শিলাই
চীনের বিতর্কিত রাজনীতিক বো শিলাইয়ের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন সরকারি অভিযোক্তারা। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। বো শিলাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। শেনডং প্রদেশের একটি আদালতে গতকাল বৃহস্পতিবার বো শিলাইয়ের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। তিনি চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির চোংকিং প্রদেশের সাবেক প্রধান। এক ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। নিল হেইউড নামের ওই ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে গত বছরের আগস্ট মাসে কারাগারে পাঠানো হয়।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শেনডং প্রদেশের জিনান শহরের একটি আদালতে গতকাল বো শিলাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন অভিযোক্তারা। চীনে উচ্চপদস্থ রাজনীতিকদের বিরুদ্ধে যেখানে অভিযোগ ওঠে, তা থেকে দূরের কোনো প্রদেশে বিচার অনুষ্ঠিত হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। বো শিলাইয়ের কেলেঙ্কারির ঘটনার মাধ্যমে চীনের ক্ষমতাসীন দলের ভেতরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব এবং দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। বিবিসি।