দুর্নীতির তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ প্রত্যাখ্যান করলেন মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ খাতে চার হাজার কোটি ডলারের দুর্নীতির তদন্তে নিষ্ক্রিয় থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এ দুর্নীতির সঙ্গে যে-ই জড়িত থাক না কেন, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাঁকে শাস্তি পেতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ ব্যাপারে কারও মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়।গত বৃহস্পতিবার মনমোহন সিংয়ের বিরুদ্ধে টেলিযোগাযোগমন্ত্রী এ রাজার দুর্নীতির ব্যাপারে ১৬ মাস নিষ্ক্রিয় থাকার ব্যাপারে ব্যাখ্যা চেয়ে মনমোহন সিংকে নোটিশ দেন দেশটির সুপ্রিম কোর্ট। বিরোধী দল জনতা পার্টির (জেপি) সাংসদ সব্রামানিয়াম স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই নোটিশ জারি করেন। সাংসদ সুব্রামানিয়াম স্বামী আদালতে অভিযোগ করেন, এ রাজার দুর্নীতির ব্যাপারে ২০০৮ সালে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লিখিতভাবে জানান। কিন্তু প্রধানমন্ত্রী এ ব্যাপারে ব্যবস্থা নিতে দেড় বছরেরও বেশি সময় নিয়েছেন। সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাওয়ার পরিপ্রেক্ষিতে মনমোহনের কার্যালয় গতকাল সর্বোচ্চ আদালতে একটি এফিডেভিট জমা দিয়েছে। এতে এ রাজার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ তদন্ত করছে। এখনো রাজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় হয়নি। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় গত রোববার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হন এ রাজা। তবে তিনি তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন।চলতি সপ্তাহের প্রথম দিকে প্রধান অডিট সংস্থার প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে সেকেন্ড জেনারেশন (২জি) লাইসেন্স বিক্রিতে বড় ধরনের অনিয়ম ছিল। সেজন্য সরকারকে অতিরিক্ত চার হাজার কোটি ডলার ব্যয় করতে হয়। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজনৈতিক অঙ্গন। এ কেলেঙ্কারির অভিযোগ মনমোহন সিংকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। কেননা ক্ষমতাসীন কংগ্রেস পার্টির জনপ্রিয়তার কারণ অনেকটা মনমোহন সিংয়ের সততার ভাবমূর্তি। এএফপি, রয়টার্স।