দুর্নীতির দায়ে বো শিলাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

ঘুষ, আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন চীনের সাবেক শীর্ষ রাজনীতিক বো শিলাই। দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির চোংগিং প্রদেশের সাবেক এই প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন।
আলোচিত রাজনীতিক বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাই নিল হেইউড নামের একজন ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। ২০১১ সালে নিহত হন ওই ব্রিটিশ ব্যবসায়ী। ওই কেলেঙ্কারির জের ধরে বো শিলাইকে গত বছর বরখাস্ত করা হয়।
রাষ্ট্রপক্ষের অভিযোক্তারা বলেছিলেন, নিল হেইউড হত্যার ঘটনা ধামাচাপা দিতে বো শিলাই ক্ষমতার অপব্যবহার করেছেন। এ ছাড়া দালান শহরের সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাৎ করেছেন এবং ঘুষ নিয়েছেন তিনি। এ শহরেরই মেয়র ছিলেন বো শিলাই। তবে আদালতে সব অভিযোগই অস্বীকার করেছিলেন তিনি।
চীনের শানদং প্রদেশের জিয়ানে অবস্থিত ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে বো শিলাইয়ের বিচারকাজ চলে। আদালত গতকাল রোববার রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পক্ষে যুক্তি দেখিয়ে বিচারক বলেছেন, বো শিলাই নিজের ক্ষমতার অপব্যবহার করে মোট ২০০ কোটি ইউয়ান ঘুষ নিয়েছেন। এর মাধ্যমে তিনি জাতীয় এবং জনগণের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন। বো শিলাই আদালতে দাবি করেছিলেন, নির্যাতনের মাধ্যমে জোর করে তাঁর কাছ থেকে অপরাধের বিষয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তবে আদালত এ দাবি নাকচ করে দিয়েছেন। বো শিলাই আত্মপক্ষ সমর্থন করে যেসব বক্তব্য উপস্থাপন করেছিলেন, তার সবই পুরোপুরি নাকচ করে দিয়েছেন আদালত।
বো শিলাইকে ঘুষ নেওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থ আত্মসাতের দায়ে ১৫ বছর এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর সব ব্যক্তিগত সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। রায়ের বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে আপিল করা যাবে। তবে তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না।
এ রায়ের মাধ্যমে বো শিলাইয়ের সংকটে পড়া রাজনৈতিক জীবন একেবারেই শেষ হয়ে গেল। রাজনীতিতে ফিরে আসা ঠেকাতে তাঁকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।
তারকা হোটেলের মতো কারাগার!: বো শিলাইকে এমন কারাগারে রাখা হতে পারে, যেখানে হোটেলের মতো সুযোগ-সুবিধা থাকবে। দেশটির অভিজাত রাজনীতিকদের কেউ সাজাপ্রাপ্ত হলে তাঁদের এমন কারাগারেই রাখা হয়। সেখানে আরাম-আয়েশের পরিবেশ থাকে। তবে সরকারি গোয়েন্দারা সার্বক্ষণিকভাবে নজর রাখেন। সাবেক বন্দীরা এমনটাই জানিয়েছেন। বেইজিংয়ের উত্তরে পাহাড়ি এলাকায় এ রকম একটি কারাগার রয়েছে। সেটির নাম কিনচেং। বো শিলাইকে সেখানেই রাখা হতে পারে।
কমিউনিস্ট পার্টির সাবেক নেতা বাও টং ১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের বিরোধিতা করে ওই জেলে সাত বছর কাটিয়েছিলেন। তিনি বলেন, ‘এটা একটা পাঁচতারকা হোটেলের মতো।’ কারাগারটিতে বন্দীদের জন্য বড়সড় ব্যক্তিগত কক্ষ দেওয়া হয়। এতে থাকে নরম বিছানা, সোফা ও ডেস্কসহ সব সুবিধা। বন্দীরা পছন্দমতো কাপড়চোপড় নিতে পারেন। নাশতার সময় দুধ আর দুপুর ও রাতের খাবার হিসেবে স্যুপ, মাংস ইত্যাদি বেছে নিতে পারেন। বিবিসি ও এএফপি।