দুর্নীতির দায়ে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী অপসারিত
অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতা ও দুর্নীতর অভিযোগে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা অপসারিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান ও অপসারিত হন। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিরোধীদলীয় নেত্রী আলেনকা ব্রুতেসেকের নাম ঘোষণা করা হয়েছে।স্লোভেনিয়ার ৯০ সদস্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী জানসার বিরুদ্ধে পড়ে ৫৫ ভোট। পক্ষে পড়ে ৩৩ ভোট।২২ বছর আগে তৎকালীন যুগোস্লাভিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে স্লোভেনিয়া। এর পর থেকে দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট শুরু হয়। ২০১১ সালের ৪ ডিসেম্বর দেশটির পার্লামেন্ট নির্বাচন হয়। নির্বাচনের পর রক্ষণশীল জানসার নেতৃত্বাধীন জোট মন্ত্রিসভা গঠন করে। তবে তাঁর শাসনামলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়।বিরোধী দল পজিটিভ স্লোভেনিয়ার (পিএস) আলেনকা ব্রুতেসেককে দুই সপ্তাহের মধ্যে পার্লামেন্ট গঠন করতে হবে। তবে দেশটির চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই গুরুত্বপূর্ণ শরিকদের দাবি মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করাটা তাঁর জন্য কঠিন চ্যালেঞ্জের হবে।ভোটাভুটির আগে পার্লামেন্টে দেওয়া ভাষণে ব্রুতেসেক ব্যয় সংকোচন নীতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। গত বছর দেশটিতে ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আল-জাজিরা।