দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে কংগ্রেস
ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে। দলটির প্রধান সোনিয়া গান্ধী দুর্নীতিসংক্রান্ত যাবতীয় মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। দলের শীর্ষস্থানীয় নেতাদের দুর্নীতির কারণে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে কংগ্রেস যখন আপ্রাণ চেষ্টা করছে, ঠিক তখন সোনিয়া গান্ধী এ ঘোষণা দিলেন। গতকাল রোববার নয়াদিল্লিতে দলের বার্ষিক সম্মেলনে দলীয় নেতাদের তিনি আরও বলেন, ১২৫ বছরের পুরোনো দলটিকে বাঁচিয়ে রাখতে হলে দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া চলবে না। কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে দুর্নীতি ও টেলিকম কেলেঙ্কারির ঘটনায় ভারতীয় পার্লামেন্টের সর্বশেষ অধিবেশনে ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হয়। বিরোধীদলীয় সাংসদেরা কংগ্রেস নেতাদের দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সোনিয়া গান্ধী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিলেন। কংগ্রেস সভানেত্রী বলেন, ‘দুর্নীতিকে কোনোভাবেই সহ্য করা হবে না। আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার আগেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। দুর্নীতিবাজ মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করতে বলেছি।’ তিনি বলেন, ‘দুর্নীতিসংক্রান্ত মামলার বিচার দীর্ঘায়িত হওয়ায় জনগণের আস্থা কমে যাচ্ছে। এসব মামলা নিষ্পত্তি না হওয়ায় সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদসহ সবাই উদ্বিগ্ন। তাই দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তি করতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’২০০৯ সালে ছোট ছোট দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন অব্যাহত থাকলেও যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছিল তা এখনো বাস্তবায়ন করতে পারেনি।টেলিকমমন্ত্রী এ রাজা দুর্নীতির অভিযোগ মাথায়নিয়ে গত মাসে পদত্যাগ করেছেন। ঘুষের বিনিময়ে তিনি দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন কোম্পানির লাইসেন্স বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকারের চার হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। মহারাষ্ট্রের কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রীও দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন। এ ছাড়া ঘুষের বিনিময়ে ঋণ দেওয়ায় সরকারি ব্যাংকগুলোর বেশ কয়েকজন নির্বাহী কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।