দুর্নীতির মূলোৎপাটনে কঠোর কর্মসূচি দেওয়ার আহ্বান আন্না হাজারের
দুর্নীতির মূলোৎপাটনে আরও ঘন ঘন কঠোর কর্মসূচি দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে। নয়াদিল্লিতে ১২ দিনব্যাপী অনশনের পর মহারাষ্ট্রের নিজ গ্রামে ফিরে তিনি এ আহ্বান জানান। আবারও দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি।৭৪ বছর বয়সী এই সমাজকর্মী বলেন, ‘দুর্নীতিমুক্ত ভারত গড়ে তুলতে সরকারকে আবারও আমাদের ধাক্কা দিতে হবে।’সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আন্না হাজারেকে স্বাগত জানাতে প্রায় ১০ হাজার সমর্থক মুম্বাই থেকে প্রায় ১৬৫ কিলোমিটার দূরে অবস্থিত রেলিগান সিদ্ধি গ্রামে জড়ো হয়েছিলেন।উপস্থিত জনগণের উদ্দেশে আন্না হাজারে বলেন, ‘ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করার ৬৪ বছর পরও এ দেশের কিছুরই পরিবর্তন হয়নি। ভারতীয়রা ব্রিটিশদের স্থলাভিষিক্ত হয়েছে। লুণ্ঠন, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অবাধে চলছে।’তিনি বলেন, ‘আমরা কোনো কিছুই অর্জন করিনি। তবে কথা হলো, দ্বিতীয়বার স্বাধীনতা যুদ্ধের আলো জ্বলে উঠেছে। বিশেষ করে, যুবসমাজ বিষয়টি উপলব্ধি করে এতে অংশ নিয়েছে।’দুর্নীতিবিরোধী প্রচারাভিযান চলাকালে ভারতের কারাগার পূর্ণ করতে প্রস্তুত হওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান আন্না হাজারে। তিনি বলেন, ‘তোমরা কারাগারে অন্তত সকালের নাস্তা ও দুই বেলা খাবার পাবে। সুতরাং কারাগারে যাওয়া লজ্জাজনক মনে না করে সবাইকে এর জন্য গর্ব করা উচিত।’ তিনি আরও বলেন, বর্তমান কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দুর্নীতিবিরোধী আইন প্রণয়নের ব্যাপারে আন্তরিক নয়।ভারতের পার্লামেন্টে ব্যাপক বিতর্কের পর আইন প্রণেতারা আন্না হাজারের শর্ত মেনে নিয়ে নতুন করে দুর্নীতিবিরোধী আইন প্রণয়নের আশ্বাস দেওয়ার পর গত সপ্তাহে তিনি অনশন ভাঙেন।সরকারের ব্যর্থতা তুলে ধরায় অনেকে আন্না হাজারেকে নীতিবান নেতা হিসেবে অভিহিত করলেও অনেকে স্বেচ্ছাচারী হিসেবেও অভিহিত করেছেন। টাইমস অব ইন্ডিয়া।