দুর্নীতির সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ২ জি মোবাইল ফোনের লাইসেন্স প্রদানে দুর্নীতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। এর সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। গত বুধবার দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ৭০ মিনিটের ওই মতবিনিময় অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এতে প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হয়েছে, তাঁর মূল লক্ষ্য হলো দেশের মধ্যবিত্ত শ্রেণীর কাছে পৌঁছানো। মতবিনিময় অনুষ্ঠানটি রাজনৈতিকভাবে বেশ গুরুত্ব বহন করে। কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার দুর্নীতি ও অপশাসনের অভিযোগ নিয়ে যখন কোণঠাসা, তখন ওই মতবিনিময়ের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর এভাবে সরাসরি মতবিনিময় অনুষ্ঠানের ধারণাটি চমৎ কার। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্যাগুলো সম্পর্কে প্রধানমন্ত্রীর ভাবনা সম্পর্কে জনগণ একটু হলেও ধারণা পাবে। তবে, মনমোহন সিং ভারতের জনগণের এই মুহূর্তে প্রধান সমস্যা—দুর্নীতি, মূল্যস্ফীতি ও বিভিন্ন অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে সুস্পষ্ট কোনো বার্তা দিতে ব্যর্থ হয়েছেন। অনুষ্ঠানে প্রশ্ন করার প্রক্রিয়ায় কিছু বাধ্যবাধকতার কারণে সাংবাদিকেরা প্রধান সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করলেও তা ফোকাস করা হয়নি। প্রধানমন্ত্রী মনমোহনের এই মতবিনিময় অনুষ্ঠান ছিল সময়ের দাবি। এর মাধ্যমে তিনি মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। এই শ্রেণী জনগণের মতামতের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে বলা যায়। আবার সরকারের অবস্থান ব্যাখ্যা করার জন্য প্রধানমন্ত্রী ওই মতবিনিময় অনুষ্ঠান করেন বলেও মনে করা হচ্ছে। এটাও হতে পারে, সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগের সঙ্গে মনমোহন সিং জড়িত নন— এ বিষয়টি বোঝানোর জন্যই ওই আয়োজন। এখন পর্যন্ত অবশ্য প্রধানমন্ত্রী মনমোহনের আন্তরিকতা ও সততা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। মনমোহন সিং তাঁর বক্তব্যে সুস্পষ্ট কোনো বার্তা না দিলেও হতাশার দিকটি ঠিকই ধরা পড়েছে। মনমোহন বলেন, ‘আমার অনেক কাজ অসমাপ্ত রয়েছে। আমার সেগুলো শেষ করার পরিকল্পনা আছে।’