চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) নবনির্বাচিত প্রধান শি জিনপিং বলেছেন, তাঁর দল দুর্নীতি ও জনবিচ্ছিন্নতাসহ ‘কঠিন চ্যালেঞ্জের’ মুখে রয়েছে। পাশাপাশি দলের মধ্যেও কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করা প্রয়োজন।সিপিসির সাধারণ সম্পাদক হিসেবে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়। তাঁর উপপ্রধান করা হয়েছে লি কেকিয়াংকে। এই ঘোষণার পর চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে গতকাল সিপিসির প্রধান হিসেবে প্রথমবারের মতো দেশি-বিদেশি শত শত সাংবাদিকের সামনে বক্তৃতা করেন জিনপিং।গতকালের ঘোষণা অনুযায়ী সিপিসির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে জিনপিং ও কেকিয়াং ছাড়া স্থান পেয়েছেন ঝাং দেজিয়াং, ইউ ঝেংশেং, লিউ ইউনসান, ওয়াং কিসান ও ঝাং গাওলি। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জিনপিং। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন কেকিয়াং। অন্যরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। জিনপিং বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কেকিয়াং দায়িত্ব পালন করছেন উপপ্রধানমন্ত্রী হিসেবে। গ্রেট হলে গতকাল প্রায় ১৯ মিনিট বক্তৃতা করেন জিনপিং। তিনি বলেন, দল অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে দুর্নীতি ও জনবিচ্ছিন্নতা দূর করতে কাজ করতে হবে। দলের কিছু নেতার আমলাতান্ত্রিক মনোভাবের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জিনপিং বলেন, ‘আমরা অবশ্যই প্রতিটি সমস্যা সমাধানের উদ্যোগ নেব। পুরো দলকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’ বক্তৃতা শেষে সাংবাদিকদের কিছু প্রশ্নেরও জবাব দেন জিনপিং।গতকাল দলের প্রধান হিসেবে জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়। তাঁর উপপ্রধান হিসেবে কেকিয়াংয়ের নাম ঘোষণাও ছিল প্রত্যাশিত। এবার দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যসংখ্যা নয় থেকে কমিয়ে সাতজন করা হয়েছে। সেখানেও প্রত্যাশিত নেতারাই জায়গা পেয়েছেন।সিপিসির ১৮তম সম্মেলন শুরু হয় ৮ নভেম্বর। ৩৭০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে গত বুধবার দলের সম্মেলন শেষ হয়েছে। এই কমিটি বুধবারই দলের পলিটব্যুরো, পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি (পিবিএসসি) এবং দলের সর্বোচ্চ নেতা নির্বাচন করে। গতকাল আনুষ্ঠানিক-ভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।মিলিটারি কমিশনের প্রধানও জিনপিং: সিপিসির প্রধানের পাশাপাশি চীনের শক্তিশালী সেনাবাহিনীর নিয়ন্ত্রক সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসেবেও জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়। এই কমিশনের প্রধান হওয়ার ব্যাপারটি নিশ্চিত ছিল না। বলা হচ্ছিল, পূর্বসূরি জিয়াং জেমিনের মতো প্রেসিডেন্টের পদ ছাড়ার পরও কমিশনের প্রধানের পদ ধরে রাখতে পারেন চীনের বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাও। জিয়াং জেমিন প্রেসিডেন্টের পদ ছাড়ার পর দুই বছর মিলিটারি কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিবিসি, রয়টার্স ও নিউইয়র্ক টাইমস।