দুর্ভিক্ষ মোকাবিলায় সময়মতো পদক্ষেপ নেওয়া হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের কোথাও দুর্ভিক্ষের আশঙ্কা থাকলে সে বিষয়ে পূর্বাভাস দিতে বর্তমানে যেসব দুর্ভিক্ষ সতর্কতা পদ্ধতি রয়েছে, তার কার্যকারিতা ভালো। তবে পূর্বাভাস পাওয়ার পরও পরিস্থিতি মোকাবিলায় সময়মতো পদক্ষেপ নেওয়া হয় না। এতে সুযোগ থাকলেও জানমালের ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না।নতুন একটি গবেষণা প্রতিবেদনে গবেষকেরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউসের ‘ম্যানেজিং ফ্যামেনাইন রিস্ক: লিংকিং আরলি ওয়ার্নিং টু আরলি অ্যাকশন’ শীর্ষক ওই প্রতিবেদনে বিশ্বব্যাপী খরাপীড়িত এলাকাগুলোতে যে পরিস্থিতি সৃষ্টি হয়, তা খতিয়ে দেখা হয়েছে। তবে মূল আলোকপাত করা হয়েছে ‘হর্ন অব আফ্রিকা’ খ্যাত সোমালিয়া ও সাহেল অঞ্চলগুলোর ওপরে।গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ভিক্ষ বা খাদ্যসংকটের পূর্বাভাস পাওয়ার মাধ্যমে তা মোকাবিলায় আগেভাগেই ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তবে সরকার এবং মানবিক সহায়তায় নিযুক্ত সংস্থাগুলো সেই সুযোগ নিতে ব্যর্থ হচ্ছে। সোমালিয়ার প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে ১১ মাস ধরে সতর্কতা জারি করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।প্রতিবেদনে সোমালিয়া ও সাহেল অঞ্চলের ওপরে মূল আলোকপাত করার বিষয় ব্যাখ্যা করতে গিয়ে প্রতিবেদনটির লেখক রব বেইলি বলেন, একটি দিক দিয়ে এই অঞ্চলগুলো অদ্বিতীয়। তা হচ্ছে, সেখানে খরার প্রভাব অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি। দেখা গেছে, কোনো বৃষ্টিই হচ্ছে না। এর ফলে ফসল উৎপাদন হচ্ছে না। লোকজন উদ্ভূত পরিস্থিতিতে ভিন্ন ধরনের কৌশল (কপিং স্ট্র্যাটেজি) গ্রহণ করছে। তারা সম্পদ বেচে দেওয়া শুরু করছে; খাদ্যের মজুত শেষ হয়ে যাচ্ছে; এরপর ঋণগ্রস্ত হয়ে পড়ছে। সব মিলিয়ে একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে।চাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষক বেইলির মতে, এই প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে দুর্ভিক্ষ। পুরো প্রক্রিয়া শেষ করে দুর্ভিক্ষ শুরু হতে ১১ মাস সময় লাগে। তার মানে, এটা মোকাবিলায় আগেভাগেই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘যদিও এটা বিরাট গুরুত্বপূর্ণ একটা সুযোগ এবং যদিও গবেষণায় দেখা যাচ্ছে, আপনি আগেভাগে ব্যবস্থা নিলে সেটা আর্থিক ক্ষতি কমায় এবং আপনি অনেক জীবন রক্ষা করতে পারেন, তার পরও সেটা ঘটছে না।’পরিস্থিতি মোকাবিলায় আগেভাগে পদক্ষেপ নেওয়ায় বিলম্বের ক্ষেত্রে সরকারগুলোর রাজনৈতিক ঝুঁকিকেই বড় কারণ হিসেবে মনে করছেন গবেষক বেইলি। তিনি বলেন, স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারি তৎপরতার প্রয়োজন হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দাতা সরকারগুলোকে এসব ক্ষেত্রে অর্থ অনুদান দেওয়ায় রাজনৈতিক ঝুঁকিতে পড়তে হয়। কারণ, তাদের বাজেট সীমিত এবং এমন খাতে সহায়তার ক্ষেত্রে যে ধরনের জনসমর্থন থাকা দরকার, তা থাকে না। বিবিসি।