সোমালিয়ায় সর্বশেষ দুর্ভিক্ষে প্রায় দুই লাখ ৫৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে অর্ধেকই শিশু। জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। দারিদ্র্যপীড়িত দেশ সোমালিয়াসহ ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলে ২০১০ সালের অক্টোবর থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত সময়ে ভয়াবহ খাদ্যসংকটে মৃতের সংখ্যা ছিল আশঙ্কার চেয়ে অনেক বেশি। সর্বশেষ এ বিপর্যয়ে মৃতের সংখ্যা একই অঞ্চলে ১৯৯২ সালের দুর্ভিক্ষে মৃতের সংখ্যাকেও ছাপিয়ে গেছে। ‘৯২ সালে দুর্ভিক্ষে দুই লাখ ২০ হাজার মানুষ মারা গিয়েছিল। এ রকম বেদনাদায়ক ঘটনা প্রতিরোধে বিশ্ব সম্প্রদায়ের আরও বেশি সক্রিয় হওয়া উচিত বলে জাতিসংঘ স্বীকার করেছে। সোমালিয়ায় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেন, দুর্ভিক্ষ ঘোষিত হওয়ার আগেই এ ব্যাপারে আরও উদ্যোগী হওয়া উচিত ছিল। বর্তমান প্রতিবেদন সেটিই নিশ্চিত করছে। ২০১০ সালে দুর্ভিক্ষ শুরু হওয়ার অনেক আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু এ দুর্যোগ প্রতিরোধে তখন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি, সেখানে এখনো ২৭ লাখ মানুষের জন্য জীবন-রক্ষাকারী সহায়তা প্রয়োজন। তাদের জীবিকার সংস্থান নিশ্চিত করার জন্যও সাহায্য দরকার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত দুর্ভিক্ষসংক্রান্ত আগাম সতর্কবার্তা ব্যবস্থা নেটওয়ার্কের যৌথ প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষে মৃতদের অর্ধেকই (এক লাখ ৩৩ হাজার) ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু। দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় মোট জনসংখ্যার ৪ দশমিক ৬ শতাংশ এবং অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী ১০ শতাংশ শিশু ওই দুর্ভিক্ষে মারা যায়।২০১১ সালে ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খরায় অন্তত এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে পড়ে সোমালিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় কাবুল ও শাবেল এলাকাকে ২০১১ সালের জুলাইয়ে দুর্ভিক্ষকবলিত ঘোষণা করা হয়। পরে মধ্য শাবেল ও আফগোয়ে এলাকা এবং মোগাদিসুর বিভিন্ন শরণার্থীশিবিরে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। শাবেলের অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের ১৮ শতাংশই দুর্ভিক্ষে প্রাণ হারায়। জাতিসংঘ ২০১২ সালের ফেব্রুয়ারিতে ওই দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সোমালিয়ায় প্রায় দুই দশক ধরে গৃহযুদ্ধ চলছে। ত্রাণকর্মীদের জন্য দেশটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলোর একটি বলে বিবেচনা করা হয়। জাতিসংঘের মতে, পাঁচ ভাগের এক ভাগের মধ্যে চরম খাদ্যসংকট, ৩০ শতাংশের মধ্যে অপুষ্টি ও প্রতি ১০ হাজার মানুষের মধ্যে প্রতিদিন গড়ে দুজনের মৃত্যুর মতো পরিস্থিতিকে দুর্ভিক্ষ বলা হয়। এএফপি।