দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ইয়েমেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, গৃহযুদ্ধপীড়িত ইয়েমেনে অস্বাভাবিক দ্রুততায় খাদ্যসরবরাহ কমে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের তুলনামূলক দরিদ্র দেশটি দুর্ভিক্ষের কবলে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শুক্রবার ডব্লিউএফপি এ কথা বলেছে। খবর আল-জাজিরার।
ডব্লিউএফপির মতে, ইয়েমেনের ২২টি প্রশাসনিক এলাকার ১০টিতেই খাদ্যনিরাপত্তা পরিস্থিতি ‘গুরুতর’ পর্যায়ে নেমে এসেছে। পরিস্থিতির আর মাত্র একধাপ অবনতি হলেই তা দুর্ভিক্ষে রূপ নেবে।
ইয়েমেনের রাজধানী সানায় সংস্থাটির উপ-আঞ্চলিক পরিচালক ম্যাথিউ হলিংওয়ার্থ সাংবাদিকদের বলেন, ভয়াবহ নিরাপত্তা-সংকট, লড়াইয়ের মাত্রা বেড়ে যাওয়া এবং দেশজুড়ে চলমান সহিংসতায় ইয়েমেন কর্মক্ষেত্র হিসেবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর একটিতে পরিণত হয়েছে।
চলতি মাসে প্রকাশিত জাতিসংঘের ২০১৬ সালের মানবিক সহায়তার প্রয়োজনীতা-বিষয়ক পর্যালোচনায় দেখা গেছে, ২ কোটি ৩০ লাখ মানুষের ইয়েমেনের ১ কোটি ৪০ লাখ ৪০ জনই খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে। সুস্বাস্থ্য বজায় রাখতে যে পরিমাণ সুষম খাবার দরকার তার জন্য তাদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। এদের মধ্যে ৭৬ লাখ মানুষই নিদারুণ খাদ্যঘাটতিতে রয়েছে।
ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াইরত শিয়া হুতি বিদ্রোহীদের ওপর গত মার্চ থেকে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বে আরব জোটের বিমান হামলা শুরু হয়।