দুর্ভোগে গৃহহারা মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে গত রোববারের শক্তিশালী ভূমিকম্পে গৃহহারা হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। তীব্র ঠান্ডায় অনেকে মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ভূমিকম্প-দুর্গত ব্যক্তিরা আরও তাঁবুর জন্য আহ্বান জানিয়েছে। এদিকে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৩ জনে।তাঁবু না পাওয়ায় গৃহহারা অনেক মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছে। তীব্র ঠান্ডায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।গুভেনক্লি গ্রামের বাসিন্দা ওরহান অগুনচ (৩৭) বলেন, ‘১৫ দিন পরে ঠান্ডায় জমে গিয়ে এখানকার অর্ধেক মানুষ মারা যাবে।’ আরসিস ও ভনের মাঝামাঝি পাহাড়ের গভীরে এ গ্রামের অবস্থান।তীব্র ঠান্ডায় কাহিল অনেক মানুষকে তাঁবুর জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু অনেক পরে তাঁদের বলা হয়, তাঁবু শেষ হয়ে গেছে। এরপর অনেক ক্ষুব্ধ মানুষ অভিযোগ করেন, ক্ষমতাসীন একে পার্টি দুর্যোগ মোকাবিলায় ধীরগতিতে অগ্রসর হচ্ছে। কর্মকর্তারা সমর্থকদের ত্রাণ দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। আবার অনেকের অভিযোগ, মুনাফাখোরেরা তাঁবু মজুদ করে বিক্রি করছেন।ফেইথ জেনগিন (৩৮) নামের আরসিস শহরের এক বাসিন্দা বলেন, ‘সবাই অসুস্থ হয়ে পড়ছে। আমরা চার দিন ধরে লাইনে অপেক্ষা করছি, কিন্তু এখনো কিছু পাইনি। তারা বলছে শেষ হয়ে গেছে।’ফেইথ জেনগিনের বাড়ি ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। গত রোববারের ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে আরসিস শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।ফেইথ জেনগিন বলেন, কাঠের বোর্ডের ওপর এক টুকরো প্লাস্টিক দিয়ে আচ্ছাদন তৈরি করে তাঁরা ঘুমিয়েছেন। তিনি জানান, ‘আমাদের পরিবারে ১০টি শিশু রয়েছে। তারা অসুস্থ হয়ে পড়ছে। সবারই তাঁবুর দরকার। তুষার আসছে। এটা বিপর্যয়।’আরগুন ওজমেন (৩৭) নামের অপর এক ব্যক্তি বলেন, ‘অনেকে ১০টি তাঁবু নিয়েছে। তারা এখন সেগুলো বিক্রি করছে। এটা লজ্জার বিষয়। আমি সারা রাত বৃষ্টির মধ্যে পৌর পার্কে ঘুমিয়েছি। বৃষ্টিতে আমার জুতা ভিজে গেছে।’ তিনি জানান, গতকাল সকালে তাঁবুর জন্য তাঁর নাম নিবন্ধন করা হয়েছে।এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৩ জনে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে তুরস্কের সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে আহত হয়েছে আরও কমপক্ষে এক হাজার ৬৫০ জন। দ্য ডিজাস্টার অ্যান্ড ইমারজেন্সি অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, ভূমিকম্পের পর বিধ্বস্ত বাড়িঘর থেকে ১৮৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারী ও তাঁর শিশুসন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বিধ্বস্ত বাড়িঘর থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারে কোথাও কোথাও তল্লাশি চললেও অনেক জায়গায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।অনেকে এখনো আশা করে আছেন যে তাঁদের প্রিয়জনকে হয়তো জীবিত উদ্ধার করা যাবে। অনেক জায়গায় জীবিত ব্যক্তির সন্ধানে সারা রাত বিধ্বস্ত বাড়িঘরে তল্লাশি চালানো হয়। এ সময় আত্মীয়স্বজনদের সেখানে অপেক্ষা করতে দেখা যায়।তাঁবু, তৈরি করা বাড়ি ও কনটেইনার সরবরাহের জন্য তুরস্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে আহ্বান জানিয়েছে, তাতে সাড়া দিয়েছে বেশ কয়েকটি দেশ। রয়টার্স।