দুর্যোগের ক্ষতির এক-চতুর্থাংশ পড়ে গরিব কৃষকের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ গত দশকে বেড়েছে তিন গুণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক গবেষণায় এ কথা জানিয়ে বলা হয়েছে, গরিব দেশের কৃষকদেরই এই ক্ষতির এক-চতুর্থাংশ বহন করতে হয়। গতকাল মঙ্গলবার জাপানের সেনদাইয়ে দুর্যোগ ঝুঁকি প্রশমনসংক্রান্ত চলমান আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাটি প্রকাশ করা হয়। খবর রয়টার্সের।
এফএওর গবেষণায় বলা হয়, ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোতে বন্যা, খরা, ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ সাত হাজার কোটি ডলার। এর মধ্যে এশিয়ার ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি—২ হাজার ৮০০ কোটি ডলার। এর পরই আছে আফ্রিকার দেশগুলো। তাদের ক্ষতি ২ হাজার ৬০০ কোটি ডলার। বিশ্বের ৪৮টি দেশে সংঘটিত ৭৮টি দুর্যোগের তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়।
নতুন এই গবেষণায় বলা হয়, এই ক্ষতির মধ্যে কৃষি খাতে ক্ষতির পরিমাণ ২২ শতাংশ। অথচ এই ক্ষতির পরে দুর্যোগ-পরবর্তী মানবিক সহায়তা কৃষি খাতে গেছে মাত্র ৪ দশমিক ৫ শতাংশ। কৃষকদের এই ক্ষতির হাত থেকে বাঁচাতে এফএওর পক্ষ থেকে আরও বেশি সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের আড়াই শ কোটি মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এর মধ্যে ক্ষুদ্র কৃষক, খামারি এবং জেলে সম্প্রদায়ের মানুষ দুর্যোগের বড় শিকার।
এফএওর মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো দা সিলভা এক বিবৃতিতে বলেন, কৃষকদের রক্ষায় বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোতে দুর্যোগপ্রস্তুতি জোরদার করতে হবে। এর ফলেই দুর্যোগের ক্ষতি কমানো সম্ভব।
জাপানে দুর্যোগ নিয়ে আন্তর্জাতিক এই সম্মেলন চলাকালেই গত শনিবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ভানুয়াতুতে ঘূর্ণিঝড় প্যাম-এ ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ার সঙ্গে জলবায়ু পরিবর্তনের নিবিড় সম্পর্ক রয়েছে।
এফএওর গবেষণায় বলা হয়েছে, দুর্যোগসংক্রান্ত আগাম তথ্য প্রদান এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নতুন প্রযুক্তি প্রয়োগের ফলে কৃষকেরা দুর্যোগের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। দুর্যোগসংক্রান্ত তথ্য ব্যবস্থার আধুনিকায়নের ওপরেও জোর দেওয়া হয়েছে এই গবেষণায়।