দুর্যোগের দিন, দুর্যোগের বছর: মালয়েশীয় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় মালয়েশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি এ বিপর্যয়ের দিনটাকে ‘বেদনাদায়ক দিন’ বলে অভিহিত করেন। একই সঙ্গে মালয়েশিয়ার জন্য এ বছরটাকে ‘বেদনাদায়ক বছর’ আখ্যা দিয়েছেন তিনি।
এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় ২৯৫ জন যাত্রী নিহত হওয়ার কথা বলা হলেও আজ বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজটিতে ২৯৮ জন যাত্রী ছিল।

রাশিয়ার রায় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স গতকাল জানায়, উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়। আর ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করেছে, সে দেশের বিমানবাহিনীর জঙ্গি বিমানই মালয়েশিয়ার উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বৃহস্পতিবার বিচ্ছিন্নতাবাদী-অধ্যুষিত ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার জোরালো আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।
এএফপির প্রতিবেদনে এক বিবৃতিতে কেরি বলেন, ‘মালয়েশিয়ার উড়োজাহাজ এমএইচ১৭ বিধ্বস্ত হওয়ার ঘটনা আমাদের জন্য লোমহর্ষক। এ দুর্ঘটনার আন্তর্জাতিক তদন্ত করতে যুক্তরাষ্ট্র সরকার প্রস্তুত। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সহায়তায় এর তদন্ত করবে।’

নাজিব রাজাক বলেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে অবশ্যই তদন্ত হবে। যদি উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়, তাহলে দোষীদের বিচারের আওতায় নেওয়া হবে। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি থেকে কোনো বিপত্সংকেত দেওয়া হয়নি। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন উড়োজাহাজের যাত্রাপথ নিরাপদ বলে ঘোষণা করেছিল।

মালয়েশিয়া এয়ারলাইনসের এক বিবৃতিতে জানানো হয়, এমএইচ১৭ নামে ওই উড়োজাহাজটিতে ১৫৪ জন ডাচ নাগরিক, ২৭ জন অস্ট্রেলীয়, ৪৩ জন মালয়েশিয়ান (তাঁদের মধ্যে নাবিকও রয়েছেন), ১২ জন ইন্দোনেশীয় ও নয়জন ব্রিটিশ নাগরিক ছিলেন। অন্যান্য যাত্রীরা জার্মানি, বেলজিয়াম, ফিলিপাইন ও কানাডার নাগরিক। যাত্রীদের মধ্যে ৪১ জন কোন দেশের, তা জানা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজটিকে ভূপাতিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের একটা বড় অংশ মেলবোর্নে এইচআইভি/এইডসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পরে অন্যান্য দেশের এয়ারলাইনসগুলো ঘোষণা দিয়েছে, তারা ইউরোপের পূর্বাঞ্চল দিয়ে না গিয়ে অন্য পথ দিয়ে ঘুরে যাবে।

এর আগে গত ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হয় তাদের একটি উড়োজাহাজ। ১২ জন ক্রু ও ২৭২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া এমএইচ-৩৭০ নম্বর ফ্লাইটটির কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি, মেলেনি কোনো ধ্বংসাবশেষও।