দূতাবাস থেকে লোক সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানী বানগুয়াইয়ে মার্কিন দূতাবাস থেকে লোকজন সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বিদ্রোহীদের রাজধানী দখলের হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের সাধারণ নাগরিকদের দেশটি ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বিদ্রোহী গোষ্ঠী সেলেকা কোয়ালিশন কয়েক দিনের মধ্যেই রাজধানীতে আক্রমণ চালাতে পারে। গত সপ্তাহের শুরুতেই বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলের বামবারি শহরটি দখল করে নেয়।বিদ্রোহী গোষ্ঠী সেলেকা জোট দাবি করেছে, ২০০৭ সালের শান্তিচুক্তি অনুযায়ী যে বিদ্রোহীরা অস্ত্র জমা দিয়েছে, প্রেসিডেন্ট প্রতিশ্রুতি অনুযায়ী তাদের অর্থ দেননি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করছে না। তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দূতাবাস থেকে লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে।গত বুধবার বিক্ষোভকারীরা দেশটির সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের দূতাবাসে হামলা চালায়। এরপর ফ্রান্স তাদের দূতাবাসে ২০০ সেনা মোতায়েন করে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়িস বোজিজ এই হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়েছেন, ফ্রান্সের সাবেক এই উপনিবেশের কোনো ব্যাপারে তাঁরা হস্তক্ষেপ করবেন না। এর আগে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়িস বোজিজ বিদ্রোহীদের রুখতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সাহায্য চান। বিবিসি।