দূতিয়ালি থেকে সরে দাঁড়াচ্ছেন ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও রাশিয়ার হয়ে মধ্যপ্রাচ্যে দূতের ভূমিকা পালন করা থেকে সরে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। খবর বিবিসির।
টনি ব্লেয়ারের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে জানায়, ‘অবশিষ্ট অঙ্গীকারগুলো’ পূরণের পর আগামী মাসে ওই ভূমিকা থেকে সাবেক এই প্রধানমন্ত্রী নিজেকে সরিয়ে নেবেন। তিনি এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে লিখিতভাবে জানিয়েছেন।
২০০৭ সালে ডাউনিং স্ট্রিট (ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই দায়িত্ব গ্রহণ করেছিলেন ব্লেয়ার। ওই সূত্র আরও জানায়, দূতের ভূমিকা থেকে সরে দাঁড়ালেও ব্লেয়ার অনানুষ্ঠানিকভাবে এ অঞ্চলে তাঁর ভূমিকা অব্যাহত রাখবেন।
সূত্র জানায়, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ফর্মুলাকে এগিয়ে নিতে ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতায় সহায়তা করার বিষয়ে এখনো পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন টনি ব্লেয়ার।