দূরদর্শনে মোদির সাক্ষাৎকার নিয়ে যত বিতর্ক
ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনে প্রচারিত নরেন্দ্র মোদির একটি সাক্ষাৎকার নিয়ে বিতর্ক দিনে দিনে জোরদার হচ্ছে। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি গতকাল শনিবার বলেন, ‘দূরদর্শনের জন্য আমার দুঃখ হয়। পেশাগত স্বাধীনতা বজায় রাখার জন্য চ্যানেলটিকে লড়াই করতে হচ্ছে।’
মোদির সাক্ষাৎকারটি দূরদর্শন প্রচার করে গত সপ্তাহে। ৫৬ মিনিটের মূল সাক্ষাৎকারটি সম্পাদনা করে ২০ মিনিট প্রচার করা হয়। ফলে মোদির অনেক বক্তব্য রাখা যায়নি। সাক্ষাৎকারে মোদি বলেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের সঙ্গে তাঁর খুব ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু তাঁর এ কথা প্রচারিত সাক্ষাৎকারে ছিল না। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারের চাপে পড়ে দূরদর্শন মোদির সাক্ষাৎকারটি খণ্ডিতভাবে প্রচার করেছে। যদিও সরকারের পক্ষ থেকে এ ধরনের চাপের বিষয়টি অস্বীকার করা হয়।
দূরদর্শনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান প্রসার ভারতীর কর্তৃপক্ষের প্রধান গওহর সরকারের এক চিঠিতে মোদির সাক্ষাৎকার নিয়ে এই বিতর্ক আরও জোরদার হয়েছে। গত শুক্রবার তথ্য ও প্রচার মন্ত্রণালয়কে এক চিঠিতে তিনি সাক্ষাৎকারটি সরকারের কোনো মহলের চাপেই সম্পাদনা করা হয়েছে বলে ইঙ্গিত দেন।
তবে তথ্যমন্ত্রী মনীষ তিওয়ারি গতকাল সাংবাদিকদের বলেন, দূরদর্শনের ওপর সরকারের নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন। এনডিটিভি।