দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
পাকিস্তান গতকাল বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ জানায়, হাতফ-৫ ঘুরি নামের ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। চলতি বছর এটি পাকিস্তানের অষ্টম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সর্বশেষ দুই মাস আগে চালানো হয় হাতফ-৭ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। ওই ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত এপ্রিলে প্রতিবেশী ভারতে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ওই ক্ষেপণাস্ত্র প্রায় এক টন ওজনের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। এটি চীনের যেকোনো এলাকায় আঘাত হানার ক্ষমতা রাখে। এরপর অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। পরমাণু শক্তিধর বৈরী দুই দেশ প্রায়ই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এএফপি।