দূষিত পানি পানে শিশুর মৃত্যু নিয়ে দাঙ্গা, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় দূষিত পানি পানে তিন শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের জেরে দাঙ্গায় নিহত হয়েছে পাঁচজন। আজ শনিবার এএফপির খবরে এ কথা জানানো হয়।
খবরে জানানো হয়, গত মাসে জোহানেসবার্গের ছোট শহর ব্লুমহফে ট্যাপের পানি খেয়ে অসুস্থ হয়ে ওই তিন শিশু মারা যায়। ওই পানিতে নর্দমার পানি মিশে গিয়েছিল, যার মধ্যে ই কোলাই ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়।

দক্ষিণ আফ্রিকায় এখনো যে বর্ণবাদের ছায়া স্পষ্ট, দূষিত পানি পানের ঘটনায় তা ফুটে উঠেছে। সংখ্যালঘু শ্বেতাঙ্গদের কাছে দেশটির বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ নাগরিক এখনো নাগরিক সুবিধার ক্ষেত্রে কোণঠাসা রয়েছে।

ব্লুমহফ শহর কর্তৃপক্ষের দাবি, পয়োনিষ্কাশন নালার ময়লা পানি সরবরাহের জলাধারে ঢুকে পড়ায় শতাধিক লোক ডায়রিয়ার আক্রান্ত হয়েছে।

ছোট শহরের আর্থিক সমস্যার কথা উল্লেখ করে শহর কাউন্সিলের মুখপাত্র বলেন, শহরের অবকাঠামো অনেক পুরোনো হওয়ায় এ সমস্যা হচ্ছে।

‘সিটি প্রেস’ নামের এক পত্রিকার এই মাসের অনুসন্ধানে দেখা গেছে, দূষিত পানি পান করে উত্তর-পশ্চিম প্রদেশের একটি ছোট শহরে ১৫ শিশু মারা গেছে। এ ক্ষেত্রেও দূষক হিসেবে ই কোলাই ব্যাকটেরিয়াকে উল্লেখ করা হয়।
বিশ্বব্যাপী গরিবদের যেন সব সময়ই পানি সমস্যার সম্মুখীন হতে হয়। মাঝেমধ্যে সংকট এমন আকারে পৌঁছে যে এর সমাধানের জন্য তাঁদের রীতিমতো আন্দোলনে নামতে হয়।

দক্ষিণ আফ্রিকায় পানি-বঞ্চিত মানুষও থেমে থাকতে পারেনি। নিয়মিত সরবরাহ না থাকায় লোকজনকে পানি সরবরাহের গাড়ির প্রতি নির্ভরশীল হতে হচ্ছিল। লোকজন অসুস্থ হয়ে পড়ছিল। পানিসংকট ও শিশুদের মৃত্যুর ঘটনায় মানুষ রাস্তায় নেমে আসে। বিশুদ্ধ পানির জন্য বিক্ষোভ করে বঞ্চিত জনগণ।

প্রতিবাদ মিছিল রূপ নেয় সংঘর্ষে। এতে প্রাণ হারায় আরও পাঁচজন। পঞ্চম গণতান্ত্রিক নির্বাচনের সপ্তাহ খানেক আগে এমন সংঘর্ষের ঘটনাটিকে আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশটির বড় সামাজিক সমস্যা হিসেবেই দেখা হচ্ছে।

১৯৯৪ সালে বর্ণবৈষম্য নীতির অবসানের পর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় আসে। তার আগে শহর এলাকায় কালোদের বসবাসের অধিকার অনেক কম ছিল। তাঁদের সুযোগ-সুবিধাও ছিল অপ্রতুল।