দৃষ্টিপ্রতিবন্ধী যোদ্ধা পবনের অন্য রকম যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী হওয়া কোনো অশুভ লক্ষণ নয়। পূর্বজন্মের কোনো পাপের শাস্তিও নয়। প্রতিবন্ধীরা সমাজের অন্য দশজনের মতোই সাধারণ মানুষ। তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা ঠিক নয়। এই মর্মকথা বোঝাতেই প্রতিবন্ধীদের সপক্ষে দাঁড়িয়েছেন নেপালের সেনা কর্মকর্তা মেজর পবন আচার্য (৩২)। তিনি নিজেও দৃষ্টিপ্রতিবন্ধী। ১০ বছর আগে মাওবাদী গেরিলাদের অতর্কিত হামলায় দৃষ্টিশক্তি হারান মেজর পবন। এখন তিনি দেশের অগণিত দৃষ্টিপ্রতিবন্ধীর সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর চালিকাশক্তি হিসেবে কাজ করছেন।পবনের উদ্যোগে নেপালে ২০০৬ সাল থেকে শুরু হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট প্রতিযোগিতা। পুরুষের পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী নারীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিবর্তনে তাঁর এ উদ্যোগ বৈপ্লবিক বলে মনে করা হচ্ছে।নেপালের হিন্দু সমাজে দৃষ্টিপ্রতিবন্ধীরা অনেক ক্ষেত্রে শুধু বৈষম্যের শিকারই নয়, মানসিক পীড়ন ও হয়রানির শিকারও হতে হয় তাদের। প্রতিবন্ধীর শারীরিক অক্ষমতাকে অনেকে পূর্বজন্মের পাপের শাস্তি মনে করে থাকে। নারী প্রতিবন্ধীর ক্ষেত্রে এই দুর্ভোগ আরও ভয়াবহ। নারী হওয়ার কারণে তাদের এমনিতেই সমাজে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে গণ্য করা হয়, এর মধ্যে চোখের আলো না থাকলে তো কথাই নেই। অনেক দৃষ্টিপ্রতিবন্ধী নারী একঘরে হয়ে সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন জীবনযাপন করে। এ ব্যাপারে পবন আচার্য বলেন, ‘চোখের আলো হারানোর আগে আমি দৃষ্টিপ্রতিবন্ধীদের সমস্যা বুঝতাম না। দৃষ্টি হারানোর পর হাড়ে হাড়ে টের পাচ্ছি তাদের প্রতি সমাজের সাধারণ মানুষের কুসংস্কার কতটা নির্মম।’পবন এখনো নেপালি সেনাবাহিনীতে আছেন। মূলত নেতৃত্ববিষয়ক বক্তৃতা দেওয়া ও নৈতিকতা শেখানোর মাধ্যমেই কাটছে তাঁর কর্মজীবন। পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সহযোগিতায় ২০০৬ সালে তিনি নেপালে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ক্রিকেট প্রতিযোগিতা চালু করেন। তিনি বলেন, এটি তাঁকে পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দেয়। একই সঙ্গে অন্য দৃষ্টিপ্রতিবন্ধীরাও মানসিক ও শারীরিকভাবে চাঙা হওয়ার সুযোগ পায়। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য আসার পর ২০০৯ সালে তিনি নারীর জন্য পৃথক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেন। পবন বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী নারীর জন্য এটিই বিশ্বের একমাত্র জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা। তিনি বলেন, ‘ক্রিকেট এসব মেয়েকে বদলে দিয়েছে। এই খেলার মাধ্যমে পারস্পরিক ভাব বিনিময়ে তারা যে আত্মবিশ্বাস অর্জন করেছে, তা লক্ষণীয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে সমাজে যে কুসংস্কার রয়েছে, আমি তা দূর করতে চাই। এই শারীরিক ত্রুটির কারণে যারা দুর্ভোগের শিকার, তাদের এনে দিতে চাই কিছু স্বাধীনতা।’নেপালের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট সমিতির সদস্য এখন ৩৬৫ জন। এর মধ্যে পুরুষ সদস্য ৩০০ জন ও নারী সদস্য ৬৫ জন। কিছু সদস্য আংশিক দেখতে পান। অন্যরা পুরোপুরি আলোহীন। দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে ক্রিকেট খেলোয়াড়দের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রতি দলে পুরোপুরি প্রতিবন্ধী খেলোয়াড়ের পাশাপাশি আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন খেলোয়াড় রাখা হয়। প্রতিযোগিতার জন্য আয়োজকেরা পাকিস্তান থেকে বিশেষ বল আমদানি করে থাকেন। এসব বলে লোহার ছোট ছোট বল রয়েছে, যা ছোড়ার সময় ঝুমঝুমির মতো বাজে। ব্যাটসম্যান যাতে বলে ভালোভাবে ব্যাট চালাতে পারে, এ জন্য তার বাহুর নিচ দিয়ে বল করার নিয়ম রয়েছে। এএফপি।