দেদার বিক্রি হচ্ছে সু চির ছবিওয়ালা টি-শার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে দেদার বিক্রি হচ্ছে গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চির ছবিওয়ালা টি-শার্ট। একই সঙ্গে বিভিন্ন চায়ের দোকান, রেস্তোরাঁ ও রাস্তায় শোভা পাচ্ছে তাঁর প্রতিকৃতি।ইয়াঙ্গুনের পোশাক ব্যবসায়ী সয়ে ইয়ে বলেন, সু চির ছবি বসানো টি-শার্টের ব্যাপক বিক্রি যদি মাপকাঠি হিসেবে ধরা হয়, তবে তিনি মনে করেন, গণতন্ত্রের পথে মিয়ানমারের পরীক্ষামূলক পদক্ষেপগুলো সঠিক পথেই এগোচ্ছে।বর্তমানে শান্তিতে নোবেল বিজয়ী সু চি ও তাঁর বাবা জেনারেল অং সানের ছবিসংবলিত টি-শার্টের ব্যাপক চাহিদা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সয়ে ইয়েকে।৫৬ বছর বয়সী ব্যবসায়ী বলেন, ‘এর আগে সু চি-সংশ্লিষ্ট কোনো পণ্য বিক্রি তো দূরের কথা, তাঁকে নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলার সাহসও কারও হতো না। এখন সু চির ছবি বসানো টি-শার্ট আমাদের দোকানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য। এসব টি-শার্টের প্রতিটির দাম এক থেকে দুই ডলার। প্রতিদিন তিন হাজারেরও বেশি টি-শার্ট বিক্রি হয়।’এর আগে ভিন্নমতের প্রতীক-সংবলিত যেকোনো কিছু ধ্বংস করত মিয়ানমার কর্তৃপক্ষ। কিন্তু নতুন সরকারের সেই মনোভাব দেখা যাচ্ছে না। সয়ে ইয়ের পোশাকের দোকানটি স্থানীয় থানা থেকে মাত্র কয়েক মিটার দূরে। তাঁর দোকানের বেশির ভাগ ক্রেতাই সু চির ভক্ত বিদেশি পর্যটক। ২০১০ সালের শেষের দিকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর আগামী এপ্রিলে এই প্রথম সু চি পার্লামেন্টের একটি আসনে নির্বাচন করতে যাচ্ছেন। সু চির নির্বাচনী প্রচারণার সময় তাঁর ছবিসংবলিত টি-শার্ট পরা সমর্থকদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। এ ছাড়া বিরোধীদলীয় নেত্রী সু চির প্রতিকৃতি শোভা পাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এএফপি।