দেনার দায়ে দেউলিয়া হতে বসেছেন সারাহ ফারগুসন
যুক্তরাজ্যের ডাচেস অব ইয়র্ক সারাহ ফারগুসন দেনার দায়ে ক্রমে দেউলিয়া হতে বসেছেন। তিনজন ঘনিষ্ঠ বন্ধু ও পৃথক তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দেনা পরিশোধে জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। মার্কিন টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রের টিভি চ্যানেলের জন্য ছয় পর্বের একটি তথ্যচিত্রে কাজ করেছেন সারাহ। তবে দেনার কথা মাথায় রেখে তিনি পারিশ্রমিকের অঙ্কের দিকে তাকাননি বলে মার্কিন টিভি বিশ্লেষকেরা জানান। ফাইন্ডিং সারাহ শীর্ষক ছয় পর্বের ওই তথ্যচিত্রের জন্য সাবেক ব্রিটিশ রাজবধূ সারাহ দুই লাখ পাউন্ড পাবেন। টিভি বিশ্লেষকেরা বলেন, এ ধরনের অনুষ্ঠানের জন্য এখন মাঝারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা যে পারিশ্রমিক নিয়ে থাকেন, সারাহর সম্মানী এর চেয়েও অনেক কম। একটি ট্যাবলয়েডের প্রতিবেদক গত বছর ব্যবসায়ী সেজে সাবেক স্বামী প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার বিনিময়ে সারাহকে ঘুষ দেওয়ার প্রস্তাব করেন। এই দৃশ্য ধারণ করে সংবাদমাধ্যমে প্রচার করা হলে তা নিয়ে হইচই পড়ে যায়। এই কেলেঙ্কারিতে ফেঁসে বড় ধরনের মাশুল গুনতে হয় তাঁকে। সারাহ বলেন, ‘দেউলিয়াত্ব ঠেকাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।’ প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী হিসেবে রানির কাছ থেকে যে অর্থ পেতেন, তার সবই উড়িয়েছেন তিনি। আর্থিক ব্যাপারে এই অসচেতনতা নিয়ে নিজের ওপরই ক্ষুব্ধ সারাহ। টেলিগ্রাফ অনলাইন।