দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আর নেই
ভারতের কিংবদন্তি বাচিকশিল্পী ও সংবাদপাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে কলকাতায় নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দেবদুলাল ১৯৩৪ সালে নদীয়ার শান্তিপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে যোগ দেন। প্রথমদিকে অনুষ্ঠানের ঘোষক হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে অল ইন্ডিয়া রেডিও কলকাতায় সংবাদপাঠক হিসেবে দায়িত্ব পালন করেন। অসাধারণ বাচনভঙ্গি ও সুরেলা কণ্ঠের জন্য তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁর পরিবেশনায় ‘সংবাদ পরিক্রমা’ ইতিহাসের অংশ হয়ে আছে। রাত ১০টায় (ভারতীয় সময়) সংবাদ পরিক্রমা শুরু হলে শহর-গ্রামে মানুষ রেডিওর চারপাশে ভিড় জমাতেন। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে তাঁর সেই কণ্ঠস্বর বাংলাদেশের মানুষকে অনেকটাই উজ্জীবিত রেখেছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি ঢাকায় যান। তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে তাঁর এই বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানিত করেন। পাশাপাশি ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে।দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমির ওপর কলকাতায় নির্মিত জয়বাংলা ছবিতে একজন বাংলাদেশি কবির ভূমিকায় অভিনয় করেছিলেন।