দেবযানির বিরুদ্ধে আবার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ে
ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ে

ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেছেন মার্কিন কৌঁসুলিরা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার মার্কিন কৌঁসুলিরা এই অভিযোগ দায়ের করেন।
দেবযানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দায়ের করা প্রথম মামলাটি গত বুধবার খারিজ করে দেন আদালত। কূটনৈতিক দায়মুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে মার্কিন আদালত দেবযানিকে ওই মামলা থেকে অব্যাহতি দেন।
মামলা খারিজ হওয়ার পর ম্যানহাটনে মার্কিন অ্যাটর্নি প্রিত ভারারের মুখপাত্র জেমস মার্গোলিন জানান, আদালত সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু দেবযানির বিরুদ্ধে নতুন মামলা করতে কোনো বাধা নেই। যথাযথভাবে সেই মামলা করার কথা বিবেচনা করা হচ্ছে।
গতকাল মার্কিন কৌঁসুলিরা দেবযানির বিরুদ্ধে নতুন করে অভিযোগপত্র দিল। এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আবারও তিক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গৃহকর্মীর ভিসা আবেদনে মজুরি নিয়ে মিথ্যা তথ্য দেওয়া এবং তাঁকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে বেশি কাজ করানোর অভিযোগে গত বছরের ১২ ডিসেম্বর নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের তত্কালীন ডেপুটি কনসাল জেনারেল দেবযানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান।

ভারত দেবযানির কূটনৈতিক দায়মুক্তি বা ছাড়ের দাবি পরিত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এরই প্রেক্ষাপটে মার্কিন ফেডারেল আদালতের গ্র্যান্ড জুরি দেবযানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

একপর্যায়ে দেবযানিকে বাঁচাতে নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে ভারতের জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। পরে তাঁকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয় মার্কিন সরকার। চলতি বছরের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন খোবরাগাড়ে।

এর জের ধরে দুই দেশের সম্পর্কে ব্যাপক তিক্ততার সৃষ্টি হয়। দুই দেশের সম্পর্কের এতটাই অবনতি হয় যে দেবযানিকে গ্রেপ্তারের ঘটনার পরপরই দিল্লি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে।

এর আগে দেবযানি গত ৯ জানুয়ারি কূটনৈতিক অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট জজ সিরা সেইন্ডলিন গত বুধবার দেবযানিকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়ে বলেন, কূটনৈতিক দায়মুক্তি থাকায় তাঁর বিরুদ্ধে এই মামলা চলতে পারে না। একই সঙ্গে মামলার নিষ্পত্তিও ঘোষণা করেন আদালত।