দেবযানী ফের অভিযুক্ত, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভিসা জালিয়াতি ও গৃহকর্মীর বেতন সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে গত শুক্রবার তাঁকে নতুন করে অভিযুক্ত করেছেন মার্কিন গ্র্যান্ড জুরি। এরপর ওই পরোয়ানা জারি করা হয়।
অথচ একই অভিযোগে দায়ের হওয়া মামলায় গত বুধবার দেবযানীকে অব্যাহতি দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মামলায় দোষী সাব্যস্ত হলে দেবযানীর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে ভারতে অবস্থান করছেন এই কূটনীতিক।
মার্কিন অ্যাটর্নি প্রিত ভারারে শুক্রবার জানান, মার্কিন গ্র্যান্ড জুরি দেবযানীকে দুটি অপরাধে অভিযুক্ত করেছেন।
দেবযানীকে বুধবার মামলা থেকে অব্যাহতি দেওয়ার সময় বিচারক সিরা এ সেইন্ডলিন বলেন, তিনি কূটনীতিক হিসেবে দেবযানীর দায়মুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে আদালত বলেন, দেবযানী রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বাইরে যদি অপরাধ করে থাকেন, তাহলে কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে আবার মামলা করতে পারবেন।
দেবযানীর বিরুদ্ধে নতুন করে মামলা হওয়ার ঘটনাকে নিজেদের প্রতি মার্কিন সতর্কবার্তা বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর নতুন মামলার বিষয়ে দেবযানীর মার্কিন আইনজীবী ড্যানিয়েল আরসাক তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে শুরু থেকেই নিজের মক্কেলের বিরুদ্ধে সব ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন তিনি। দেবযানীও কোনো ভুল করেননি বলে দাবি করছেন।
গত ডিসেম্বরে নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনের সময় দেবযানীর বিরুদ্ধে ভিসা জালিয়াতি ও তাঁর গৃহকর্মীর বেতন সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। এর পরই দেবযানীকে গ্রেপ্তারের পর নিউইয়র্ক পুলিশ হেনস্তা করে বলে অভিযোগ পাওয়া যায়। বিবিসি ও হিন্দুস্তান টাইমস।