
দেবযানী খোবরাগাড়েকে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে একজন জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে বদলির বিষয়টি অবহিত করা এবং কূটনীতিক হিসেবে প্রাপ্য সব সুযোগ-সুবিধা তাঁকে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে চিঠি দিয়েছে ভারত।
জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত অশোক মুখার্জি মহাসচিবকে চিঠিটি দিয়েছেন। এতে দেবযানী সম্পর্কে সব তথ্য উল্লেখ করা হয়েছে।
অশোক মুখার্জি বলেন, দেবযানীকে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারত চায় একজন কূটনীতিক হিসেবে সব সুযোগ-সুবিধা ও দায়মুক্তি তিনি পাবেন। জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের তালিকায় তাঁর নাম তোলা হবে।
ভারতের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি গত শুক্রবার নিশ্চিত করে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, ভারতের এই অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।
এ ছাড়া জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জ্যঁ ইলিয়াসনের সঙ্গে সাক্ষাৎ করে দেবযানীর বিষয়টি তাঁকে ব্যাখ্যা করেছেন অশোক মুখার্জি। ইলিয়াসন বলেন, বিষয়টি সম্পর্কে জাতিসংঘ পুরোপুরি অবগত আছে। দেবযানীর সব কাগজপত্র তাদের কাছে দেওয়া হয়েছে। এগুলো তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠিয়েছে। এখন বিষয়টি জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের হাতে। সবকিছু এখন এই অবস্থায় আছে। পিটিআই।