দেবযানীকে জাতিসংঘে বদলির বিষয় খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

হয়রানির শিকার ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে জাতিসংঘে বদলির বিষয়টি খতিয়ে দেখছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শুক্রবার এ কথা বলেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত এস জয়শঙ্কর গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেবযানীকে গ্রেপ্তারের জোরালো প্রতিবাদ জানান তিনি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ম্যারি হারফ বলেছেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে ওয়াশিংটনকে জানানো হয়েছে, গ্রেপ্তারের আগে গত সেপ্টেম্বরেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নয়াদিল্লির প্রতিনিধিদলে দেবযানীকে রাখা হয়েছিল। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
বিভিন্ন সূত্র বলেছে, সেপ্টেম্বর থেকেই দেবযানী জাতিসংঘের দায়িত্বে থাকলে ভিয়েনা কনভেনশন অনুযায়ী গ্রেপ্তার থেকে কূটনৈতিক অব্যাহতি পাওয়ার যোগ্য হবেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন আইনজীবী রবি বাটরা বলেছেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে গ্রেপ্তারের ঘটনায় দেবযানী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারেন। তিনি বলেন, যদি দেবযানী জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে ‘উপদেষ্টা’ হয়ে থাকেন, তাহলে পূর্ণ কূটনৈতিক ইমিউনিটি পাওয়ার অধিকার রয়েছে তাঁর। তা সত্ত্বেও গ্রেপ্তারের ঘটনায় দেবযানী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারেন। পিটিআই।