কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতির অভিযোগ নিয়ে যা হচ্ছে, তাকে ‘বিরক্তিকর’ বলে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। গতকাল রোববার তিনি বলেন, এখন এই অধ্যায় ‘বন্ধের’ সময় এসেছে। যুক্তরাষ্ট্রের উচিত বিষয়টির ‘রাজনৈতিক সমাধান’ খুঁজে বের করা।
সালমান বলেন, মার্কিন আদালত একবার ওই অভিযোগ থেকে দেবযানীকে অব্যাহতি দিলেন। তখন মার্কিন প্রশাসনের একটি সুযোগ এসেছিল পুরো ঘটনাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া। তারা কেন সেই সুযোগ নেয়নি, সেটা প্রশ্নসাপেক্ষ।
সালমান খুরশিদ আরও বলেন, ‘দেবযানীর ঘটনা নিয়ে সবচেয়ে জটিল সময়ও বারবার বিবৃতি দিয়েছি। আসলে বিষয়টি নিয়ে যা হচ্ছে, তা বিরক্তিকর পর্যায়ে চলে গেছে। এই ঘটনাকে আর এগিয়ে যেতে দেওয়া উচিত হবে না।’
ভিসা জালিয়াতি ও গৃহকর্মীর বেতন সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া মামলা থেকে গত বুধবার নিউইয়র্কের একটি আদালত দেবযানীকে অব্যাহতি দেন। কিন্তু গত শুক্রবার মার্কিন গ্র্যান্ড জুরি একই অভিযোগে তাঁকে অভিযুক্ত করেন। পিটিআই।