দেবযানীকে যথাযথ প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবযানী খোবরাগাড়ে
দেবযানী খোবরাগাড়ে

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি প্রীত ভারারা বলেছেন, নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে যথাযথ প্রক্রিয়ায়ই গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের অভিযোগে গ্রেপ্তার অন্যদের মতোই তাঁর সঙ্গে আচরণ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে কফি পান করতে দেওয়া হয়েছে।
গত বুধবার মার্কিন অ্যাটর্নি প্রীত ভারারা এক বিবৃতিতে এসব কথা বলেন। এতে তিনি বলেন, গ্রেপ্তারের সময় দেবযানীর প্রতি যে আচরণ করা হয়েছে, তা অনেক ক্ষেত্রেই কোনো মার্কিন নাগরিকের প্রতিও করা হয় না। গ্রেপ্তারের আগে তাঁকে প্রয়োজনীয় ফোনালাপ করার সুযোগ দেওয়া হয়েছে। ব্যক্তিগত বিষয় সামাল দিতে তাঁকে দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
বিবৃতিতে অ্যাটর্নি বলেন, দেবযানীকে তাঁর শিশুসন্তানের সামনে হাতকড়া পরানো হয়নি। তাঁর দেহ তল্লাশির সময় বিধি অনুযায়ী নারী নিরাপত্তা কর্মীদের ব্যবহার করা হয়েছে।
দেবযানীকে গ্রেপ্তার ও জামিনে মুক্তির পর সাধারণ মার্কিন নাগরিকেরাও বিভ্রান্ত। দুই দেশের কূটনৈতিক উত্তেজনার ঘটনা প্রচারিত হচ্ছে মার্কিন গণমাধ্যমে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারতের কূটনীতিক দেবযানীর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেন, দেবযানীর গ্রেপ্তার ও এ নিয়ে ভারতের প্রতিক্রিয়া বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে দুই দেশের গভীর সম্পর্কের অবনতির কোনো অবকাশ নেই।