দেবযানীর গ্রেপ্তার অবমাননাকর: ভারত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একজন ভারতীয় কূটনীতিককে গ্রেপ্তার নিয়ে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে অস্বস্তির সৃষ্টি হয়েছে। দেবযানী খোবরাগাড নামে ওই কূটনীতিককে এভাবে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ শনিবার বলেছেন, ‘আমরা এটাকে অবমাননা হিসেবে বিবেচনা করছি।’
একজন ভারতীয় গৃহপরিচারিকাকে দেবযানী যুক্তরাষ্ট্রে নেওয়ার সময় তাঁর ভিসার আবেদনে উল্লেখ করা অঙ্ক অনুযায়ী বেতন না দেওয়ার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। ব্যক্তিগত বন্ডে পরে তিনি ছাড়া পান। সালমান খুরশিদ বলেন, যুক্তরাষ্ট্রকে ভারতের অবস্থানের কথা জানানো হয়েছে। এ বিষয়ে ভারত সে দেশের জবাবের অপেক্ষায় আছে। ৩৯ বছর বয়সী দেবযানীকে গত বৃহস্পতিবার জনসমক্ষে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। ঘটনার সময় তিনি তাঁর মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলেন। একজন কূটনীতিককে এভাবে গ্রেপ্তার করা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ভারত। জবাবে যুক্তরাষ্ট্র বলেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেবযানীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। টাইমস অব ইন্ডিয়া।