দেবযানীর বদলিতে মার্কিন অনুমোদন লাগবে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রেপ্তার ও হেনস্তার শিকার ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে জাতিসংঘে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে বিশ্ব সংস্থা। সেখানে তিনি ভারতের স্থায়ী মিশনে কাজ করবেন। তবে এটি চূড়ান্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদন লাগবে।
জাতিসংঘের মুখপাত্রের দপ্তর গত সোমবার জানায়, তারা ১৮ ডিসেম্বর জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত অশোক মুখার্জির কাছ থেকে চিঠি পেয়েছে। এতে দেবযানীকে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের সদস্য হিসেবে নিবন্ধিত করার অনুরোধ করা হয়। বিষয়টি ২০ ডিসেম্বর প্রক্রিয়াভুক্ত করা হয়েছে। তবে দেবযানীকে কনস্যুলেট থেকে জাতিসংঘের মিশনে বদলি করতে হলে অবশ্যই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে অনুমোদন করতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একটি সূত্র জানায়, জাতিসংঘ খোবরাগাড়েকে ভারতের স্থায়ী মিশনে নিবন্ধিত করার অনুরোধ অনুমোদন করেছে। এই প্রক্রিয়ার চূড়ান্ত পদক্ষেপ মার্কিন পররাষ্ট্র দপ্তরকে নিতে হবে।
ভারতীয় নাগরিক সংগীতা রিচার্ডকে যুক্তরাষ্ট্রে গৃহকর্মী হিসেবে নেওয়ার সময় ভিসায় যে বেতন ধার্য করা হয়, পরে তা না দেওয়ার অভিযোগে কূটনীতিক দেবযানীকে ১৩ ডিসেম্বর জনসক্ষে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে নিয়ে যায় মার্কিন পুলিশ। তাঁকে নগ্ন করে দেহে তল্লাশি চালানো হয় এবং বিচারকের সামনে হাজির করার আগে তাঁকে মাদকসেবীদের সঙ্গে কারাগারে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
দেবযানীর ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ভারতের দাবি, দেবযানীর পূর্ণাঙ্গ কূটনৈতিক রক্ষাকবচ পাওয়ার অধিকার রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, কেবল কনস্যুলেটের কাজের ভেতরেই তাঁর রক্ষাকবচ সীমাবদ্ধ। ভিসা জালিয়াতি এবং মিথ্যা ঘোষণা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলে ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন দেবযানী।
ভারত আশা করছে, দেবযানীকে জাতিসংঘে বদলি করা হলে তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। রয়টার্স, এপি।