দেবযানীর বিষয়ে ভারত কি কঠোর থাকতে পারবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবযানী খোবরাগাড়ে
দেবযানী খোবরাগাড়ে

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে নিযুক্ত ইতালির কনস্যুলার তাঁর ব্রাজিলিয়ান গৃহকর্মীর অমর্যাদা করায় ২০১১ সালে গ্রেপ্তার হয়েছিলেন। ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার পর মুক্তি পেয়েছিলেন ওই কর্মকর্তা। একই বছর কানসাস সিটিতে গ্রেপ্তার হন তাইয়ানের দূত। তাঁর বিরুদ্ধে গৃহকর্মী পাচারের অভিযোগ ছিল। তাইওয়ান প্রথমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও পরে নরম হয়। তিন মাস কারাগারে থাকার পর তাইয়ানে ফিরে যান সেই দূত।
সুতরাং বলা যায়, সম্প্রতি নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তা দেবযানী খোবড়াগাড়েকে গ্রেপ্তার ও হেনস্তার ঘটনা নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র যে টানাপোড়েন চলছে, ওয়াশিংটনের জন্য তা নতুন কিছু নয়। ইতালি ও তাইওয়ান শক্ত অবস্থানে না গিয়ে ওয়াশিংটনের অবস্থান এক প্রকার মেনে নিয়েছিল। কিন্তু দেবযানী ইস্যুতে ভারত শক্ত অবস্থান নিয়েছে। ওয়াশিংটনকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে ভারত।
ভারতের এই শক্ত অবস্থান কত দিন শক্ত থাকে, সেটা একটা বিষয়। তবে দেবযানীকে নিউইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে নিয়োগ দিয়ে ভারত সরকার প্রাথমিকভাবে শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে কূটনীতিকদের হাতে গৃহকর্মীদের বেতন না দেওয়া বা অমর্যাদার ঘটনা বাড়তে থাকায় মানবাধিকার কর্মীদের চাপে ২০০৮ সালে মার্কিন কংগ্রেস একটি নির্দেশনা দেয়। সেই নির্দেশনায় বলা হয়, কনস্যুলেট কর্মকর্তারা সংশ্লিষ্ট দপ্তরে সাক্ষাৎকার না দিলে তাঁদের গৃহকর্মীর নামে ভিসা বরাদ্দ হবে না। এ সময় গৃহকর্মীদের সঙ্গে কনস্যুলেট কর্মকর্তার লিখিত চুক্তির বিষয়টিও খতিয়ে দেখা এবং অধিকার ও সুবিধার বিষয়টি তাঁদের জানানোর কথা বলা হয়।
এর আগে যুক্তরাষ্ট্র সরকার একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যাতে বলা হয়, ২০০৮ সালের আগের আট বছরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে থাকা অন্তত ৪২ জন গৃহকর্মী নানাভাবে নিগৃহীত হয়েছেন।
মানবাধিকার সংগঠন ব্রেক দ্য চেইন ক্যাম্পেইনের পরিচালক টিফানি উইলিয়ামস বলেন, ‘কংগ্রেসের উদ্যোগ ভালোভাবেই কাজ করছে। এখন সব সময় কংগ্রেসের নির্দেশনা বাস্তবায়ন করার বিষয়টি নিশ্চিত করতে হবে।’ তিনি জানান, শুধু ২০১০ সালেই যুক্তরাষ্ট্রে বিভিন্ন কূটনীতিকদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজের জন্য ৯০০ জনের বেশি ব্যক্তি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। গৃহকর্মীর অধিকার নিয়ে কাজ করা মার্কিন আইনজীবী মার্টিনা ভ্যান্ডেনবার্গ দেবযানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ওয়াশিংটনের প্রশংসা করে বলেন, ‘দায়মুক্তিকে যে ঢাল হিসেবে ব্যবহার করা যায় না’, দেবযানী ইস্যুতে ওয়াশিংটন তা নিশ্চিত করেছে। এএফপি।