দেয়ালে চাভেজের মুখ!

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দাবি করেছেন, ভূগর্ভস্থ পথের দেয়ালে অলৌকিকভাবে তাঁদের প্রয়াত নেতা হুগো চাভেজের প্রতিকৃতি দেখা গেছে। ওই ভূগর্ভস্থ এলাকায় নির্মাণকাজ চলছে।
মাদুরো গত বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আপনাদের এসব বলতে গিয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে।’ তিনি দাবি করেন, সম্প্রতি রাজধানী কারাকাসে নির্মাণাধীন পাতাল রেললাইন প্রকল্পের দেয়ালে মধ্যরাতে হঠাৎ অল্প সময়ের জন্য চাভেজের চেহারা ভেসে ওঠে। সেখানকার শ্রমিকেরা তাঁদের মুঠোফোনে চাভেজের সেই ছায়ার ছবি তোলেন। দাবির সপক্ষে একটি আলোকচিত্রও হাজির করেন তিনি।
চলতি বছরের শুরুতে মারা যান ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট চাভেজ। তাঁকে রাজনৈতিক আদর্শ মানেন মাদুরো। বিরোধীরা অবশ্য মাদুরোর দাবি উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, চাভেজের ভাবমূর্তি নিয়ে মাদুরো ভাঁড়ামি করছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। রয়টার্স।